নিঃস্বার্থ সেবার ২৮ বছর: রক্তদানে নতুন ইতিহাস গড়লো ‘বাঁধন’

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ১১:৪১ এএম
নিঃস্বার্থ সেবার ২৮ বছর: রক্তদানে নতুন ইতিহাস গড়লো ‘বাঁধন’

মোঃ জাহেরুল ইসলাম:

দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজভিত্তিক সবচেয়ে বড় স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন প্রতিষ্ঠার ২৮ বছরে মানবতার সেবায় অসামান্য ভূমিকা রেখে চলেছে। প্রতিষ্ঠার পর থেকে এ সংগঠন ১২ লাখ ৩৫ হাজার ব্যাগ রক্ত সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করেছে। এছাড়াও ২৬ লাখ ৩ হাজার ৯৪৭ জনকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ে সহযোগিতা করেছে সংগঠনটি।


শুক্রবার (২৪ অক্টোবর) ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে কেক কাটা ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এরপর বিশ্ববিদ্যালয় এলাকায় বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ, বাঁধনের উপদেষ্টামণ্ডলী, সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্তরের স্বেচ্ছাসেবীরা।


এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ছিল “আটাশের আহ্বান, নিঃস্বার্থ হোক রক্তদান”। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে স্বেচ্ছায় রক্তদানে প্রাতিষ্ঠানিক নেতৃত্বের ক্ষেত্রে বাঁধন একটি আস্থা ও মানবতার প্রতীক।


বাঁধনের কেন্দ্রীয় নেতারা জানান, বর্তমানে দেশের ৬১টি জেলার ৯২টি শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের কার্যক্রম চলছে। রক্তদানের পাশাপাশি দুর্যোগকালে ত্রাণ সহায়তা, সচেতনতামূলক সেমিনার, স্বাস্থ্যসেবা কার্যক্রমসহ নানা মানবিক উদ্যোগ পরিচালনা করে আসছে সংগঠনটি।


ঢাবি প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন

“বাঁধন টানা ২৮ বছর ধরে অসহায় মানুষের জীবন বাঁচাতে নিরলসভাবে কাজ করছে। রক্তের অভাবে যেন কোনো প্রাণ না ঝরে যায়, সেই লক্ষ্যেই তাদের এই পথচলা। বাঁধন আরও শক্তিশালী হোক এবং মানবতার সেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করুক।”


সংগঠনটির সদস্যরা জানান, রক্তদানে উদাসীনতা কমাতে তরুণ সমাজকে সচেতন করাই তাদের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। স্বেচ্ছাসেবীদের ত্যাগ, শ্রম আর ভালোবাসায় আগামী দিনে রক্তদানে আত্মনির্ভর দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা।


মানবতার পাশে দাঁড়াতে ও রক্তের অভাবে কারও জীবন বিপন্ন না হতে দিতে বাঁধন ভবিষ্যতে আরও ব্যাপক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছে।