নারী পরিচালক রুবাবা দৌলাকে নিয়ে মন্তব্যে সমালোচনায় ইরফান সাজ্জাদ

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ০২:২৪ পিএম
নারী পরিচালক রুবাবা দৌলাকে নিয়ে মন্তব্যে সমালোচনায় ইরফান সাজ্জাদ

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন রুবাবা দৌলা মতিন। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সোমবার তার নিয়োগ নিশ্চিত করার পর প্রথম বোর্ড সভাতেও অংশ নেন এই নারী পরিচালক। তবে দায়িত্ব নেয়ার পরদিনই তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয় বিতর্ক, যার কেন্দ্রে জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।

নিজের ফেসবুকে রুবাবা দৌলার একটি ছবি পোস্ট করে ইরফান লেখেন, ‘এরপরও যদি পোলাপান পারফরম্যান্স না করতে পারে তাহলে আর আশা নাই।’

এই মন্তব্যটি ঘিরেই শুরু হয় সমালোচনার ঝড়।

ফেসবুক ব্যবহারকারী তুনাজ্জিনা সিকদার তুনা অভিনেতার পোস্টের স্ক্রিনশট শেয়ার করে তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন,

> “জনাব ইরফান সাজ্জাদ, দয়া করে আপনার স্ত্রী বা বোনকে জিজ্ঞেস করবেন তাঁরা কর্মক্ষেত্রে এমন মন্তব্য শুনে কেমন অনুভব করবেন? রসিকতা ও নোংরামির মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। আপনি যেটি করেছেন, তা সভ্য সমাজের রসিকতা নয়, এটি নারীকে যৌনভাবে হেয় করা।”

তুনা আরও দাবি করেন, ইরফান যেন প্রকাশ্যে ক্ষমা চান এবং ভবিষ্যতে নারীদের সম্পর্কে এমন মন্তব্য থেকে বিরত থাকেন।

সমালোচনা ছড়িয়ে পড়লে ইরফান সাজ্জাদ নিজেই তার মন্তব্যের ঘরে ব্যাখ্যা দেন। তিনি লেখেন,

> “আমি সবসময়ই বাংলাদেশ ক্রিকেটের ভক্ত। আমার পোস্টটি ব্যঙ্গাত্মকভাবে লেখা হয়েছিল। রুবাবা আপু আমার ক্রাশ, তিনি খুব মেধাবী ও সুন্দর। আমি বোঝাতে চেয়েছিলাম, এত ভালো একজন মানুষ বিসিবিতে এলেন, এখনও যদি খেলোয়াড়রা পারফর্ম না করে তাহলে দোষ কার?”

তিনি আরও জানান, অনেকে ভুল বুঝেছেন বলেই পোস্টটি মুছে দিয়েছেন।

> “পাবলিক তো উল্টোপাল্টা কমেন্ট করবেই। যেহেতু ভুল বোঝাবুঝি হয়েছে, আমি পোস্ট সরিয়ে নিচ্ছি।”

শেষে ইরফান অনুরোধ জানান,

> “না বুঝে ঘৃণা ছড়াবেন না।”

তবে তার এই ব্যাখ্যার পরও সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় থামেনি। অনেকেই বলছেন, জনপ্রিয় ব্যক্তিত্বদের উচিত সামাজিক মাধ্যমে মন্তব্য করার সময় আরও দায়িত্বশীল হওয়া।

উল্লেখ্য, রুবাবা দৌলা মতিন বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের সুপরিচিত নির্বাহী ও উদ্যোক্তা। সম্প্রতি বিসিবি বোর্ডে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে তাকে পরিচালক হিসেবে নিয়োগ দেয় জাতীয় ক্রীড়া পরিষদ।