নবজাতক চুরি: গৃহবধূর ১৪ বছরের সশ্রম কারাদণ্ড

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ১০:৩৩ পিএম
নবজাতক চুরি: গৃহবধূর ১৪ বছরের সশ্রম কারাদণ্ড

 তাড়াশ উপজেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন হাটিকুমরুল সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতাল থেকে নবজাতক শিশু চুরির ঘটনায় আলপনা খাতুন (৩১) নামে এক গৃহবধূকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আলপনা খাতুন কামারখন্দ উপজেলার চরদোগাছী গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী। এই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মাসুদুর রহমান মাসুদ জানান, ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি তাড়াশ উপজেলার নওগাঁ গ্রামের মাজেদ আলীর স্ত্রী সবিতা খাতুন প্রসব বেদনা নিয়ে হাটিকুমরুল গোলচত্বর এলাকার সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন। পরদিন ২৭ ফেব্রুয়ারি সকালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সবিতা খাতুন একটি পুত্র সন্তানের জন্ম দেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, ওই দিন বিকেলে আলপনা খাতুন শিশুটিকে হাসপাতাল থেকে চুরি করে নিয়ে যান।

ঘটনাটি জানতে পেরে পুলিশকে অবহিত করা হয়। সলঙ্গা থানা পুলিশ শিশুটিকে উদ্ধারে দ্রুত বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। ওই দিন রাতেই আলোকদিয়ার গ্রামের সোলাইমান হোসেনের বাড়ি থেকে চুরি যাওয়া নবজাতকটিকে উদ্ধার করা হয়। এ সময় আলপনা খাতুন, ছায়রন বেওয়া, মিনা খাতুন, মায়া খাতুন এবং তার স্বামী রবিউল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

শিশুটির পিতা মাজেদ আলী বাদী হয়ে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া এবং সাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত আলপনা খাতুনকে দোষী সাব্যস্ত করে এই দণ্ডাদেশ প্রদান করেন।