নতুন নিবন্ধন পেল ৩ রাজনৈতিক দল, অনশনে ‘আমজনতার দল’-এর তারেক রহমান

প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৫, ০৭:০৩ পিএম
নতুন নিবন্ধন পেল ৩ রাজনৈতিক দল, অনশনে ‘আমজনতার দল’-এর তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচন কমিশন (ইসি) নতুন করে তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসি সচিব বলেন, “চূড়ান্ত পর্যালোচনা শেষে নতুন তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দলগুলো হলো— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমজনগণ পার্টি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।”

তিনি আরও জানান, আগামীকাল (৫ নভেম্বর) জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ওই বিজ্ঞপ্তিতে দাবি-আপত্তি আহ্বান করা হবে, এরপর তা নিষ্পত্তি করে চূড়ান্তভাবে নিবন্ধন সনদ হস্তান্তর করা হবে।

নিবন্ধন না পেয়ে অনশনে ‘আমজনতার দল’-এর নেতা:

অন্যদিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না পাওয়ায় প্রতিবাদে অনশনে বসেছেন ‘আমজনতার দল’-এর সদস্য সচিব তারেক রহমান। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান ফটকের সামনে তিনি আমরণ অনশনে বসেন।

নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন,

“৪৩ লাখ গ্রাহকের অর্থ লুট করে ১ মাস আগে এসে দল খুলে নিবন্ধন পেল ডেসটিনি। এর আগে জাতীয় লীগকে নিবন্ধনের নাম ঘোষণা করেছিল ইসি। পরে সব ফাঁস হওয়ার পর তা স্থগিত করে। আমরা বছরের পর বছর রাজনীতি করেও নিবন্ধিত হই না। রাজনীতি শুধু বুর্জোয়াদের জন্য।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন,

“নিবন্ধনের ঘোষণায় যারা জাতীয় লীগের নাম প্রস্তাব করেছিল, তাদের শাস্তি চাই। না হলে আমরণ অনশন মৃত্যু পর্যন্ত চলবে।”

দাবি-আপত্তির সুযোগ রাখছে কমিশন:

ইসি সূত্র জানায়, প্রাথমিকভাবে নিবন্ধনপ্রাপ্ত তিনটি দলকে এখনো চূড়ান্ত সনদ দেওয়া হয়নি। আগামীকাল বিজ্ঞপ্তির মাধ্যমে সাধারণ নাগরিক, রাজনৈতিক দল ও সংশ্লিষ্টদের কাছ থেকে আপত্তি বা মন্তব্য আহ্বান করা হবে। এরপর নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে দলগুলোকে সনদ দেওয়া হবে।

উল্লেখ্য, বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৪টি। নতুন তিনটি দল যোগ হলে মোট সংখ্যা দাঁড়াবে ৪৭।