দেশব্যাপী প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৫, ১২:০৭ পিএম
দেশব্যাপী প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

নিজস্ব প্রতিবেদক:

১০তম গ্রেডসহ তিন দফা দাবি আদায় এবং শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি (পাঠদান বন্ধ) শুরু করেছেন আন্দোলনরত শিক্ষকরা। রবিবার (৯ নভেম্বর) থেকে সারা দেশে এ কর্মসূচি কার্যকর হয়েছে।

এই কর্মবিরতির কারণে দেশের সাড়ে ৬৫ হাজারেরও বেশি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক কোটি শিক্ষার্থীর ক্লাস বন্ধ হয়ে গেছে। সকাল থেকে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলেও শিক্ষকরা শ্রেণিকক্ষে প্রবেশ করেননি। বাধ্য হয়ে অনেক শিক্ষার্থী ক্লাস না করেই বাড়ি ফিরে যাচ্ছেন।

প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহবায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ বলেন,

> “দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল (রবিবার) থেকে শহিদ মিনারে অবস্থানের পাশাপাশি সারা দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি চলবে।”

তিনি অভিযোগ করেন,

> “পুলিশ শিক্ষকদের ওপর রাবার বুলেট ছুড়েছে। আমাদের অনেক শিক্ষক গুলিবিদ্ধ হয়েছেন। সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলের আঘাতে শতাধিক শিক্ষক আহত হয়েছেন।”

শামসুদ্দিন মাসুদ আরও বলেন,

> “আমাদের শতাধিক শিক্ষক আহত। অনেকের হাতে-পায়ে, পেটে রাবার বুলেট ঢুকেছে। পিজি হাসপাতালে ভর্তি একজনের কপালের পাশে রাবার বুলেট বিদ্ধ হয়েছে। সাংবাদিক ভাইয়েরা দয়া করে ঢাকা মেডিকেলে আসুন—আমাদের অনেক শিক্ষক সেখানে ভর্তি আছেন।”

শিক্ষক নেতারা জানান, তাদের তিন দফা দাবির মধ্যে অন্যতম হলো — সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড প্রদান, প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীতকরণ এবং নন-ক্যাডার কর্মকর্তাদের ক্যাডার সুবিধা প্রদান।

এর আগে শনিবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে শিক্ষকদের ওপর হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনায় বহু শিক্ষক আহত হন বলে দাবি করেন আন্দোলনকারীরা।

এদিকে হঠাৎ এ কর্মবিরতিতে দেশের প্রাথমিক শিক্ষার কার্যক্রমে বড় ধরনের স্থবিরতা দেখা দিয়েছে। শিক্ষার্থীদের অভিভাবকরাও উদ্বেগ প্রকাশ করেছেন দ্রুত সমাধানের জন্য।