দুইদিন চিকিৎসা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দুইদিন চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তাকে বহনকারী গাড়িবহর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গুলশানের রাজনৈতিক কার্যালয় সংলগ্ন বাসভবন ‘ফিরোজা’য় পৌঁছায়। এর আগে রাত ১১টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দল জানায়, মেডিক্যাল বোর্ডের পরামর্শে গত বুধবার রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, বিভিন্ন শারীরিক অবস্থা মূল্যায়ন এবং কয়েকটি বিশেষায়িত পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়। চিকিৎসকদের পরামর্শে শারীরিক অবস্থা স্থিতিশীল মনে হওয়ায় শুক্রবার রাতে তাকে বাসায় নেওয়া হয়।
এর আগে গত ২৮ আগস্টও তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য একই হাসপাতালে গিয়েছিলেন।
দীর্ঘদিন ধরে লিভার, কিডনি ও হৃদযন্ত্রসহ নানা জটিল রোগে ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন তার চিকিৎসক দল।
খালেদা জিয়ার বাসায় ফেরার খবরে গুলশান এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও স্বস্তির পরিবেশ দেখা গেছে।









