দলীয় লোগো পরিবর্তন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৬ পিএম
দলীয় লোগো পরিবর্তন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় লোগো পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে নতুন লোগোর কয়েকটি খসড়া নকশা তৈরি করা হয়েছে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে নতুন লোগো উন্মোচন করবে দলটি।

দলীয় সূত্রে জানা গেছে, শিবিরের সাবেক কয়েকজন নেতা ও একটি কারিগরি দল এই নতুন লোগো নকশার কাজে যুক্ত রয়েছেন। এর মধ্যেই কয়েকটি প্রস্তাবিত ডিজাইন আলোচনার টেবিলে উঠেছে। নতুন প্রজন্ম, বিশেষ করে জেন-জেডকে লক্ষ্য করেই এ পরিবর্তন আনা হচ্ছে বলে জানাচ্ছেন দলটির শীর্ষ নেতারা।

নতুন লোগোতে কী থাকছে?

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াতে ইসলামীর আমিরের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু সৌজন্য সাক্ষাতে গেলে সেখানে দলের নতুন লোগোসংবলিত পতাকা ও ব্যানার সবার নজরে আসে।

নতুন লোগোতে দাঁড়িপাল্লা আগের মতো থাকলেও পাল্লার দণ্ডকে কলমের আকারে রূপ দেওয়া হয়েছে। কলমের নিম্নভাগ লাল রঙে এবং চারপাশের ব্যাকগ্রাউন্ড সবুজ রাখা হয়েছে। লোগোতে দলের নাম “বাংলাদেশ জামায়াতে ইসলামী” বাংলা ও আরবিতে লেখা আছে।

নেতাদের ব্যাখ্যা:

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন,

“আগের লোগোটি যে কনসেপ্টে তৈরি হয়েছিল, সেটিকে আরও আধুনিকভাবে মডিফাই করে নতুন লোগো তৈরি হচ্ছে। কলম হচ্ছে জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রতীক, আর দাঁড়িপাল্লা হচ্ছে ন্যায়বিচারের প্রতীক। এর মাধ্যমে আমরা লাল-সবুজের বাংলাদেশকেই তুলে ধরতে চাই।”

নতুন প্রজন্মকে উদ্দেশ্য করে তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী বাস্তবতায় তরুণদের জন্য একটি বিশেষ বার্তা দিতে চাই আমরা। সেই কারণেই লোগোতে নতুন থিম রাখা হয়েছে।”

জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম গণমাধ্যমকে বলেন,

“আমাদের লোগো পরিবর্তন করা হচ্ছে। আমিরের নির্দেশনায় বেশ কয়েকটি ডিজাইন তৈরি করা হয়েছে। তবে কোনটি অফিসিয়ালি ব্যবহার করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। আজকের বৈঠকের ছবিতে ভুলবশত নতুন একটি লোগো দেখা গেছে। কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত লোগো ঘোষণা করা হবে।”

তিনি আরও বলেন, “আসলে জামায়াতের আগের লোগো কখনো অফিসিয়ালি ব্যবহৃত হয়নি। মূলত গণমাধ্যমগুলোই সেটা ব্যবহার করত।”

বিশেষ বার্তার ইঙ্গিত:

দলীয় সূত্রগুলো বলছে, নতুন লোগোতে প্রতীকীভাবে শিক্ষা, ন্যায়বিচার ও বাংলাদেশের জাতীয় রঙকে যুক্ত করে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিতে চায় জামায়াতে ইসলামী। এ লোগোর মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে নিজেদের ভিন্নতর অবস্থান স্পষ্ট করতে চায় তারা।

আসন্ন দিনগুলোতে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নতুন লোগো প্রকাশ করা হবে।