দক্ষতা উন্নয়নে ঢাকা কলেজ ছাত্রদলের বিনামূল্যে স্পোকেন ইংলিশ কোর্সের উদ্বোধন

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৫, ০৮:২৯ পিএম
দক্ষতা উন্নয়নে ঢাকা কলেজ ছাত্রদলের বিনামূল্যে স্পোকেন ইংলিশ কোর্সের উদ্বোধন



মোঃ জাহেরুল ইসলাম: 

দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৭৩৫ জন শিক্ষার্থীর অংশগ্রহণে বিনামূল্য স্পোকেন ইংলিশ, ক্যারিয়ার ও স্কিল ডেভেলপমেন্ট-২০২৫ কোর্সের উদ্বোধন করেছে ঢাকা কলেজ শাখা ছাত্রদল।


শনিবার (১ নভেম্বর) বেলা ১২টায় ঢাকা কলেজ অডিটোরিয়ামে মাসব্যাপী এই ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। বিশেষ অতিথি ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অনুপমা পাল।


অতিথি বক্তা হিসেবে উপস্থিত থেকে কর্মসংস্থান সৃষ্টিতে দক্ষতা উন্নয়নের গুরুত্ব নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য মাহমুদা হাবিবা এবং মেডিকো কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ড. জোবাইদুর রহমান জনি।


প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন,


> “আমাদের দেশের জনসংখ্যা অনেক, কিন্তু দক্ষ জনসম্পদের অভাব রয়েছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে এই বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হবে। ঢাকা কলেজ ছাত্রদলের স্পোকেন ইংলিশ কোর্স একটি মহৎ উদ্যোগ, যা শিক্ষার্থীদের আত্মবিকাশ ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”




আয়োজকদের তথ্যমতে, “স্পোকেন ইংলিশ, ক্যারিয়ার ও স্কিল ডেভেলপমেন্ট–২০২৫” প্রশিক্ষণ কোর্সে রেজিস্ট্রেশন করেছেন ৭৩৫ জন শিক্ষার্থী। ১ নভেম্বর থেকে শুরু হওয়া এ কোর্স চলবে এক মাসব্যাপী, যা শেষ হবে আগামী ১ ডিসেম্বর একটি পরীক্ষার মাধ্যমে।


মোট ১২টি ক্লাসে প্রশিক্ষণ প্রদান করবেন দেশের শীর্ষস্থানীয় ছয়জন ইংরেজি শিক্ষক।


অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর আহমদ মাতবর ও সোয়াইব আহমেদ সজীব। সভাপতিত্ব করেন ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান।


এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের ইংরেজি ভাষা দক্ষতা, ক্যারিয়ার সচেতনতা ও আত্মউন্নয়নের সুযোগ সৃষ্টি হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।