তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবিতে রাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ০৮:২১ পিএম
তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবিতে রাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল

রাবি  প্রতিনিধি:

তিস্তা নদী শুধু একটি জলধারা নয় এটি উত্তরাঞ্চলের মানুষের জীবন, জীবিকা ও অস্তিত্বের প্রতীক। এই নদীকে ঘিরেই গড়ে উঠেছে উত্তরবঙ্গের কৃষি, অর্থনীতি ও সংস্কৃতি। কিন্তু দীর্ঘদিন ধরে তিস্তার পানির প্রবাহ কমে যাওয়া এবং চুক্তি বাস্তবায়নে বিলম্বের কারণে আজ তিস্তা তীরের মানুষ বঞ্চিত, কষ্টে ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে।

এই প্রেক্ষাপটে তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়নের দাবিতে আজ সন্ধ্যার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আয়োজন করে এক ঐক্যবদ্ধ মশাল মিছিল। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শত শত শিক্ষার্থী হাতে জ্বলন্ত মশাল নিয়ে প্রজ্বলিত করে তাদের দাবি “তিস্তা বাঁচাও, উত্তরবঙ্গ বাঁচাও, বাংলাদেশ বাঁচাও।”

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এসে একত্রিত হয়। সেখানে শিক্ষার্থীরা তিস্তা নদী রক্ষার আহ্বান জানিয়ে সংহতি প্রকাশ করে এবং সরকারের প্রতি ‘তিস্তা মহাপরিকল্পনার কাজ অবিলম্বে শুরু করার’ জোর দাবি জানায়।

শিক্ষার্থীদের কণ্ঠে উচ্চারিত হয় একটাই স্লোগান

“তিস্তা শুধু নদী নয়, তিস্তা আমাদের জীবন।”

শহীদ মিনারে আলো-অন্ধকারের সংমিশ্রণে জ্বলে ওঠে শত শত মশালের আলো, যা যেন উত্তরবঙ্গের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রতীক হয়ে উঠে। রাবির শিক্ষার্থীরা জানান, এই আন্দোলন কোনো রাজনৈতিক নয় এটি মানবিক আন্দোলন। তিস্তার জলরাশি যেন আর কখনো শুকিয়ে না যায়, তিস্তার পাড়ের মানুষ যেন আবার জীবনের আলো দেখতে পায় এটাই তাদের একমাত্র চাওয়া।

তারা বলেন, “তিস্তা বাঁচলে আমরা বাঁচবো, তিস্তা বাঁচলেই উত্তরবঙ্গের আশা আবার জেগে উঠবে।”