তিন দফা দাবিতে টানা নবম দিনে শিক্ষকদের অনশন, অসুস্থ অন্তত চারজন
নিজস্ব প্রতিবেদক:
তিন দফা দাবিতে টানা নবম দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে তারা অনশন শুরু করেন। দুপুর নাগাদ অন্তত চার শিক্ষক অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
আন্দোলনের সমন্বয়কারী ফয়েজ আহমেদ জানান, গাইবান্ধার আকবর আলি আব্দুল হাই স্কুলের শিক্ষক মোহাম্মদ আলী মন্ডল অনশন চলাকালে অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়। এছাড়া আন্দোলনকারীদের জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীসহ আরও কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েন।
সরকার সম্প্রতি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ৫ শতাংশ বাড়ানোর প্রজ্ঞাপন জারি করলেও আন্দোলনরত শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন, সরকারের এই সিদ্ধান্ত শিক্ষকদের সঙ্গে “প্রকাশ্য অবিচার”।
অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “৫ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধি কোনো সমাধান নয়, বরং এটি শিক্ষকদের সঙ্গে অন্যায়। আমরা তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠ ছাড়ব না।”
সকালে শহীদ মিনারে শিক্ষক সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হলে দুপুরের মধ্যেই সেখানে ভিড় বাড়তে থাকে। দেশের বিভিন্ন জেলা থেকে শত শত শিক্ষক-কর্মচারী কর্মসূচিতে যোগ দিতে রাজধানীতে এসে পৌঁছান।
আন্দোলনকারীরা জানাচ্ছেন, তাদের তিন দফা দাবি হলো—
১. বাড়ি ভাড়া ভাতা ২০ শতাংশে উন্নীত করা,
২. পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান,
৩. শিক্ষা উপদেষ্টার পদত্যাগ।
শিক্ষা উপদেষ্টার ক্লাসে ফেরার আহ্বানের জবাবে আজিজী বলেন, “শিক্ষা উপদেষ্টাকে স্পষ্ট জানিয়ে দিতে চাই— শিক্ষকরা এখন ক্লাসে ফিরবে না। হয় দাবি মেনে নেবেন, না হয় আপনাকে মন্ত্রণালয় ছাড়তে হবে।”
টানা নয় দিন ধরে দেশের প্রায় ৩০ হাজারেরও বেশি বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অবস্থান ও অনশন কর্মসূচি চলবে।









