তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কালাইয়ে বিএনপির বিশাল গণমিছিল ও লিফলেট বিতরণ
সউদ আব্দুল্লাহ, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’ এই শ্লোগানকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাট জেলার কালাই উপজেলায় আয়োজিত হয়েছে বিশাল গণমিছিল ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি।
রবিবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কালাই সরকারি মহিলা কলেজ মাঠ থেকে শুরু হয়ে পৌর সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে গণমিছিলটি। এতে কালাই ও আশপাশের ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। মিছিল শেষে হাট-বাজার, দোকানপাট ও জনবহুল এলাকায় সাধারণ জনগণের মাঝে ৩১ দফা দাবিসংবলিত লিফলেট বিতরণ করা হয়।
এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সদস্য ও কালাইয়ের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মো. আনিছুর রহমান তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-০২ আসনের সাবেক বিএনপি দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেন,লড়াই সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে গত ১৭ বছর আমরা যে নির্যাতনের শিকার হয়েছি, সেই ত্যাগের বিনিময়ে এ দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিরকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করবে। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্গঠনের জন্য বিএনপি বদ্ধপরিকর। এই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমাদের ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি তুলে ধরতে হবে।তিনি আরও বলেন, নির্বাচনের আগে নানা ধরনের গুজব, অপপ্রচার ও ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এসবের মোকাবেলায় দলীয় নেতাকর্মীদের সতর্ক ও সচেতন থাকতে হবে। সকল অপপ্রচারের জবাব দিতে হবে তথ্য, যুক্তি ও রাজনৈতিক শালীনতা দিয়ে।
গণমিছিল শেষে কালাই বাজারে স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন দলীয় নেতারা। লিফলেটে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়, যাতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার, যুব সমাজের কর্মসংস্থানসহ সার্বিক রাষ্ট্রীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আব্দুস সবুর, জেলা বিএনপির সাবেক সদস্য মো.মামুনুর রশিদ, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক এফতাদুল হক, উপজেলা বিএনপির সহসভাপতি তৌফিকুল ইসলাম, উপজেলা বিএনপির নেতা আব্দুর রাজ্জাকসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এ আয়োজনের মধ্য দিয়ে কালাই উপজেলায় আবারও বিএনপির রাজনীতি সচল ও সংঘবদ্ধ হয়েছে বলে মন্তব্য করেন স্থানীয় নেতারা। আগামী দিনে ৩১ দফা দাবিকে ঘিরে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান আয়োজকেরা।









