তারেক রহমানের সাক্ষাৎকারে ‘ভালোভাবে উত্তীর্ণ’: জিল্লুর রহমান
ডেস্ক রিপোর্ট:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক সাক্ষাৎকারকে "আকাঙ্ক্ষিত ও উল্লেখযোগ্য" হিসেবে অভিহিত করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও টেলিভিশন উপস্থাপক জিল্লুর রহমান। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর গণমাধ্যমে দেওয়া এই সাক্ষাৎকারে তারেক রহমান বেশ ভালোভাবে নিজেকে উপস্থাপন করেছেন।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে জিল্লুর রহমান বলেন,
> “অনেক দিন পরে আকাঙ্ক্ষিত এই সাক্ষাৎকারে তারেক রহমান বেশ ভালোভাবে উত্তীর্ণ হয়েছেন। স্বল্প স্বল্প কথায় তিনি উত্তর দিয়েছেন। কোনো বক্তব্যকেই খুব একটা দীর্ঘায়িত করার চেষ্টা করেননি। কোনো বক্তব্য দিয়েই তিনি কন্ট্রোভার্সিতে জড়াতে চাননি।”
তিনি আরও বলেন, তারেক রহমান সাক্ষাৎকারে তার পরিবারের কষ্ট, ভাইয়ের মৃত্যু, মায়ের অসুস্থতা এবং নিজের দীর্ঘ রাজনৈতিক নির্বাসনের বিষয়গুলো যৌক্তিকভাবে তুলে ধরেছেন।
> “সাফারিংসের কথা বলেছেন তার পরিবারের, ভাইয়ের, মায়ের, নিজের— এবং যৌক্তিকভাবেই সেটা বলেছেন,” যোগ করেন জিল্লুর রহমান।
রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান উল্লেখ করেন, বহু বছর পর বিএনপির শীর্ষ নেতা কোনো গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন।
> “অনেকেই বলতেন, তারেক রহমান কেন কথা বলেন না। তিনি তার ব্যাখ্যা দিয়েছেন— তিনি নিয়মিত কথা বলেন, সারা দেশের জনগণের সঙ্গে, দলীয় নেতাকর্মীদের সঙ্গে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তার সব সময় যোগাযোগ আছে।”
জিল্লুর রহমান বলেন, শেখ হাসিনার শাসনামলে আদালতের নিষেধাজ্ঞার কারণে তারেক রহমান গণমাধ্যমে বক্তব্য দিতে পারেননি।
> “গণমাধ্যমে তিনি কথা বলেননি, যেহেতু আদালত কর্তৃক একটা নিষেধাজ্ঞা ছিল যে ওনার বক্তব্য প্রচার করা যাবে না। সংগতভাবেই তিনি সাক্ষাৎকার দিলে কেউ তা প্রচার করতে পারতেন না। দু-একটি গণমাধ্যম ওনার বক্তব্য প্রচার করে বিপদেও পড়েছে,” বলেন তিনি।
তারেক রহমানের বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতির প্রতিফলন ছিল বলে মনে করেন এই বিশ্লেষক।
> “গোটা দেশের মানুষ যে ভয়ানক পরিস্থিতির মধ্যে কাটিয়েছেন, সেটা তিনি বর্ণনা করেছেন। তিনি প্রতিটি ঘটনা, প্রতিটি অপরাধের শাস্তি চান,” বলেন জিল্লুর।
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রশ্নে তারেক রহমানের উত্তরকে “স্মার্ট ও কূটনৈতিকভাবে ভারসাম্যপূর্ণ” বলে অভিহিত করেন জিল্লুর রহমান।
> “তিনি বলেছেন, সিদ্ধান্তটা জনগণই নেবে— এটা একটি পরিণত রাজনৈতিক বক্তব্য,” মন্তব্য করেন তিনি।
দেশে ফেরার প্রশ্নে তারেক রহমানের বক্তব্য নিয়েও তিনি বলেন,
> “তিনি বলেছেন, প্রত্যাশিত নির্বাচন হলে খুব শীঘ্রই তিনি ফিরবেন। এটা তার আত্মবিশ্বাসের প্রকাশ।”









