তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও মানহানির মামলা

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৫৫ পিএম
তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও মানহানির মামলা

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করেছে অনলাইন ফ্যাশন ব্র্যান্ড ‘অ্যাপোনিয়া’। বুধবার (৫ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৮ নম্বর কোর্টে মামলাটি দায়ের করা হয়।

‘অ্যাপোনিয়া’-এর এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম বাদী হয়ে তিশার বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/৪০৬ ধারায় মামলাটি করেন (সি আর মামলা নম্বর ৯৬২/২০২৫)। বাদীপক্ষে মামলা পরিচালনা করছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার।

আদালত মামলাটি আমলে নিয়ে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থাকে (ডিবি) তদন্তের নির্দেশ দিয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে।

পটভূমি

কিছুদিন আগে অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ অভিযোগ করে জানায়, তানজিন তিশা তাদের কাছ থেকে ২৮ হাজার ৮০০ টাকার একটি শাড়ি নিয়ে প্রমোশন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পরে তিনি না প্রমোশন করেছেন, না শাড়ির মূল্য পরিশোধ করেছেন— বরং এক পর্যায়ে যোগাযোগও বন্ধ করে দেন।

এ ঘটনার পর ‘অ্যাপোনিয়া’-এর কর্ণধার এক নারী উদ্যোক্তা সামাজিক মাধ্যমে বিষয়টি তুলে ধরেন। জবাবে তানজিন তিশা তার ফেসবুক পেজে দাবি করেন, শাড়িটি আসলে উদ্যোক্তা উপহার হিসেবে পাঠিয়েছিলেন, এটি কোনো বাণিজ্যিক লেনদেন ছিল না।

তিশার এই মন্তব্যকে “মানহানিকর ও মিথ্যাচারমূলক” বলে অভিযোগ করে গত ২২ অক্টোবর তার বিরুদ্ধে একটি আইনি নোটিশ পাঠায় ‘অ্যাপোনিয়া’। তিশার বাসার ঠিকানায় ডাকযোগে ও তার হোয়াটসঅ্যাপ নম্বরে নোটিশ পাঠানো হয়।

নোটিশে এক সপ্তাহের মধ্যে এক লাখ টাকা ক্ষতিপূরণ, শাড়ির মূল্য এবং সামাজিক মাধ্যমে প্রকাশিত মন্তব্যের জন্য লিখিত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছিল। তবে নির্ধারিত সময় পার হলেও তানজিন তিশা কোনো প্রতিক্রিয়া জানাননি।

মামলার সর্বশেষ অবস্থা

এর পরিপ্রেক্ষিতে বুধবার আদালতে প্রতারণা ও মানহানির অভিযোগে মামলা করেন বাদীপক্ষ। মামলায় তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন জানানো হলেও আদালত প্রথমে বিষয়টি ডিবি পুলিশের তদন্তে হস্তান্তরের নির্দেশ দেন।

তবে মামলার বিষয়ে এখনো তানজিন তিশার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।