ড. ইউনূস চাইলে আ. লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন : রাশেদ খান

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম
ড. ইউনূস চাইলে আ. লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন : রাশেদ খান

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চাইলে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তার অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই আওয়ামী লীগের পুনর্বাসনে কাজ করছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খান লিখেন, “আমি মনে করি, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টাকে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া যেতে পারে। প্রধান উপদেষ্টা নিজেও চাইলে দায়িত্ব নিতে পারেন।”

তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ মাসে আওয়ামী লীগের পুনর্বাসনে তারা কাজ করেছেন, এখন পুনর্গঠনের দায়িত্ব নিক। সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের নামে বিপ্লবী জনগণের চোখে ধুলা দিয়ে লাভ কী?”

স্ট্যাটাসের সঙ্গে রাশেদ খান একটি জাতীয় পত্রিকার ফটোকার্ডও যুক্ত করেছেন, যেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎকারের উদ্ধৃতি প্রকাশিত হয়েছে। সেখানে ইউনূস বলেন, আওয়ামী লীগ দল হিসেবে বৈধ; কেবল তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। যেকোনো সময় এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

ড. ইউনূসের এই বক্তব্য প্রকাশিত হওয়ার পর থেকেই রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। বিরোধী শিবিরের নেতারা অভিযোগ করছেন, সরকার আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিচ্ছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে এ ধরনের বক্তব্য নতুন ধরণের বিতর্ক সৃষ্টি করছে।

এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝেও এ নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। কেউ এটিকে দলের জন্য ইতিবাচক সম্ভাবনা হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন—“অন্তর্বর্তী সরকারের ভূমিকায় দলের প্রতি জনমনে সন্দেহ আরও বাড়ছে।”

দেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়ানো এই বিতর্কের দিকে এখন সবার দৃষ্টি।