ডালে রঙ, ফ্রিজে নোংরা মাংস—অভিযানে ধরা দুই ব্যবসায়ী প্রতিষ্ঠান
আব্দুল কাইউম, পাবনা প্রতিনিধি :
পাবনায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর ২০২৫) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে শহরের এয়ার কর্নারের নিচতলায় অবস্থিত “ওয়ান স্টপ গ্রোসারি শপ” এ ডাউল তেলে রঙ মিশিয়ে বিক্রির প্রমাণ মেলে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া, পুরাতন নান্না বিরানী হাউজে দেখা যায়, ভোক্তাদের খাবার শেষে পরিত্যক্ত মাংস ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে সংরক্ষণ করা হচ্ছে। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, “ভোক্তার অধিকার ও জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”









