জুলাই সনদ বাস্তবায়নে কোনো বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
ডেস্ক রিপোর্ট:
জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ীই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্ক মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগের শাসনামলে দেশের সাংবিধানিক সব প্রতিষ্ঠানকে অকার্যকর করে রাখা হয়েছিল। সেই সময় প্রশাসনে যারা দায়িত্বপালন করেছেন কিন্তু বড় ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না, তারা ভবিষ্যতেও রাষ্ট্রের জন্য কাজ করতে পারবেন। তবে যারা রাজনৈতিক নির্দেশে অপরাধে জড়িত ছিলেন, তাদের বিষয়ে সরকার অপরাধের মাত্রা বিবেচনা করে আইনগত সিদ্ধান্ত নেবে।
এর আগে সকাল ১০টায় ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের উদ্যোগে জেলার স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ কাজল। সভার সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সহ-সভাপতি আসিফ ইকবাল মাখন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক সমিতির সভাপতি মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ খান সুমন, ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন ও জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা।
অনুষ্ঠানে বক্তারা স্থানীয় সাংবাদিকদের সমস্যা-সংকট তুলে ধরেন এবং পেশাগত মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে মতামত দেন।









