জুলাই সনদে সাক্ষর করলেন ড. ইউনুসসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, করলো না কোন দল?

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, ১১:২৬ পিএম
জুলাই সনদে সাক্ষর করলেন ড. ইউনুসসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, করলো না কোন দল?

নিজস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আজ শুক্রবার বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ স্বাক্ষর করেছেন।

জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে আয়োজিত এ ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনের সহ–সভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ কমিশনের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে মোট ২৫টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা সনদে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন,

> “জুলাই সনদ হলো জাতীয় ঐক্যের প্রতীক। এই সনদ দেশের ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের ভিত্তি স্থাপন করবে।”

যেসব দল স্বাক্ষর করেছে

বিএনপি, জামায়াতে ইসলামি, এবি পার্টি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, এলডিপি, গণফোরাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, জাকের পার্টি, গণঅধিকার পরিষদসহ মোট ২৫টি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করে।

বিএনপির পক্ষ থেকে স্বাক্ষর করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে স্বাক্ষর করেন নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ,

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল,

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারও উপস্থিত ছিলেন।

এ ছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণফোরাম, খেলাফত মজলিস, জাকের পার্টি, গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, ভাসানী জনশক্তি পার্টি, ইসলামী ঐক্যজোটসহ মোট ২৫টি দলের প্রতিনিধিরা সনদে স্বাক্ষর করেন।

যেসব দল সই করেনি

তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ জাসদ জুলাই সনদে স্বাক্ষর করেনি।

শহীদ পরিবারের উপস্থিতি

অনুষ্ঠানে শহীদ পরিবারের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান এবং শহীদ তাহির জামান প্রিয়র মা শামসী আরা বেগম স্বাক্ষর মঞ্চে উপস্থিত থেকে দেশব্যাপী ঐক্যের এ উদ্যোগকে স্বাগত জানান।।

জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়, যেসব রাজনৈতিক দল এখনো সনদে স্বাক্ষর করেনি, তারা চাইলে পরবর্তীতেও এতে যুক্ত হতে পারবে।