জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি সুষ্ঠু নির্বাচন আয়োজনের দায়িত্ব: নাসির উদ্দিন

প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৫, ০৬:০৩ পিএম
জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি সুষ্ঠু নির্বাচন আয়োজনের দায়িত্ব: নাসির উদ্দিন

স্টাফ রিপোর্টার:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে জীবনের ‘শেষ সুযোগ’ হিসেবে গ্রহণ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, “আমার বয়স ৭৩ বছর। জীবনে আর চাওয়ার কিছু নেই। দেশের জন্য কিছু করতে চাই। একটা সুন্দর, সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়াই আমার লক্ষ্য। এটা আমার জীবনের শেষ সুযোগ।”

মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে আয়োজিত সংলাপের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, “একটা বিশেষ পরিস্থিতিতে, ক্রান্তিলগ্নে আমরা দায়িত্ব নিয়েছি। এবিউজ অব এআই (AI-এর অপব্যবহার), সামাজিক যোগাযোগমাধ্যমের অপপ্রচারসহ নিত্যনতুন চ্যালেঞ্জ আমাদের মোকাবিলা করতে হচ্ছে। এসব চ্যালেঞ্জ একা মোকাবিলা করা সম্ভব নয়। আমাদের সর্বস্তরের জনগণের সহযোগিতা দরকার। সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।”

তিনি আরও বলেন, “আপনারা অনেকেই নির্বাচন কমিশনে দীর্ঘদিন চাকরি করেছেন। কোথায় কোথায় গ্যাপ থাকে, সেগুলো চিহ্নিত করে আমাদের পরামর্শ দিন। যাতে আমরা গ্যাপগুলো বন্ধ করতে পারি, একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব হয়।”

নির্বাচনে কারচুপি ও জালিয়াতি রোধে বিশেষজ্ঞদের পরামর্শ কামনা করে সিইসি বলেন, “আমরা অনেক নতুন উদ্যোগ নিয়েছি। ভোটার তালিকা হালনাগাদের সময় প্রত্যন্ত অঞ্চলে ভোট দেওয়ার আগ্রহ বেড়েছে। নারী-পুরুষ ভোটারের পার্থক্য একসময় ছিল ৩০ লাখ, এখন তা অনেক কমে এসেছে।”

তিনি জানান, প্রবাসী, সরকারি চাকরিজীবী ও কয়েদিদের ভোটের সুযোগ নিশ্চিত করতে কমিশন পোস্টাল ব্যালটের জন্য একটি হাইব্রিড পদ্ধতি প্রণয়ন করেছে। “আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থা আমরা চালু করতে যাচ্ছি। এটা সফল হবে কি না জানি না, কিন্তু আমরা চেষ্টা করছি,” বলেন সিইসি নাসির উদ্দিন।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য শুধু নির্বাচন আয়োজন নয়—একটা বিশ্বস্ত, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা। জনগণ যাতে মনে করে এটা তাদের নিজের নির্বাচন—এটাই আমাদের সাফল্য হবে।”