জামায়াত সহ ৮ দলের বিক্ষোভ মিছিলে উত্তাল ঝিনাইদহের রাজপথ
মোঃ আসাদুজ্জামান, বিশেষ প্রতিনিধি:
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট সহ ৫-দফা দাবিতে ঝিনাইদহে জামায়াত সহ ৮টি সমমনা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে এসে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা আমীর ও ঝিনাইদহ–২ আসনের এমপি পদপ্রার্থী আলী আজম মোঃ আবুবকর, জেলা নায়েবে আমীর আব্দুল আলীম, ঝিনাইদহ–৪ আসনের এমপি পদপ্রার্থী প্রফেসর মতিয়ার রহমান, ঝিনাইদহ–৩ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা মোঃ আবু তালিব, ঝিনাইদহ–১ আসনের এমপি পদপ্রার্থী এস এম মতিউর রহমান।
এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ জেলা সভাপতি ডা. এস এম মুনতাজুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা শিহাব উদ্দিন, এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা সভাপতি আজিজুল হক (অঞ্জু) বক্তব্য রাখেন।
সমাবেশটি পরিচালনা করেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল।
সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের মূল ভিত্তি। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনকে তারা অযৌক্তিক বলে মন্তব্য করেন। নেতৃবৃন্দ জানান, ৫-দফা দাবি বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব নয়। জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে বলেও তারা প্রতিশ্রুতি প্রদান করেন।









