জামায়াতের সঙ্গে পাল্লা দিতে গেলে বহু দূর যেতে হবে: মিয়া গোলাম পরওয়ার

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ০৯:২২ পিএম
জামায়াতের সঙ্গে পাল্লা দিতে গেলে বহু দূর যেতে হবে: মিয়া গোলাম পরওয়ার

সাতক্ষীরা প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “একটা দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে— জামায়াত সংস্কার, অংশীদারিত্বের রাজনীতি, দেশ গঠন ও অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখেনি। তোমরা নতুন দল, রাজনীতিতে জামায়াতের সঙ্গে পাল্লা দিতে গেলে বহু দূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না।”

সোমবার (২০ অক্টোবর) বিকেলে সাতক্ষীরার তালা ফুটবল মাঠে ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত নেতা বলেন, “ঐকমত্য কমিশনে লিখিতভাবে জামায়াতই পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছে। অথচ নতুন গঠিত ছাত্রদের একটি দলের নেতা দুঃখজনকভাবে স্ট্যাটাস দিয়ে সমালোচনা করেছেন। তারা চায় জামায়াত তাদের নাম নিয়ে কথা বলুক। আসলে চব্বিশের আন্দোলনে তারাও কিছু ভূমিকা রেখেছে, এজন্য তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও দোয়া থাকবে।”

অশালীন ভাষায় রাজনীতি না করার আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, “অশ্লীল, অরাজনৈতিক ভাষা ব্যবহার করা কোনো রাজনৈতিক নেতার জন্য শোভনীয় নয়। রাজনীতি হচ্ছে আদর্শ ও মূল্যবোধের লড়াই।”

হিন্দু সম্প্রদায়ের ভোট প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, “হিন্দু মানে নৌকা নয়, হিন্দু মানে দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লায় ভোট দিলে তারা অতীতের সকল শাসনের চেয়ে জামায়াতের শাসনে নিরাপদে থাকবে। আমরা মানবিক বাংলাদেশ চাই— যেখানে জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না।”

এ সময় বিএনপির এক নেতার বক্তব্যেরও জবাব দেন মিয়া গোলাম পরওয়ার। সম্প্রতি নোয়াখালীর এক সমাবেশে ওই বিএনপি নেতা বলেছিলেন, ক্ষমতায় গেলে আওয়ামী লীগের মতো জামায়াতকেও নিষিদ্ধ করতে হবে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, “যদি বিএনপির নেতারা এমন কথা বলেন, তাহলে তাদের কণ্ঠে আওয়ামী লীগের সুরই শোনা যায়।”

সমাবেশে স্থানীয় ও কেন্দ্রীয় জামায়াত নেতৃবৃন্দ, ছাত্রশিবিরের নেতারাও উপস্থিত ছিলেন।