জামায়াতের অবস্থান ‘এরশাদের মতো’: হান্নান মাসউদ
স্টাফ রিপোর্টার:
জুলাইয়ে অনুষ্ঠিত নির্বাচন সংক্রান্ত স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে জামায়াতে ইসলামীর অবস্থান ‘দ্বিধান্বিত ও অস্পষ্ট’ ছিল বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ।
তিনি বলেন, অনুষ্ঠানের আগের রাত ও অনুষ্ঠানদিনের সকাল পর্যন্ত জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবে, তবে স্বাক্ষর করবে না। তাদের দাবি ছিল, “পিআর ছাড়া কোনো স্বাক্ষর দেওয়া হবে না।”
হান্নান মাসউদ বলেন, “এ ধরনের বক্তব্য অতীতে এরশাদকেও দিতে দেখা গেছে। ২০১৪ সালে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ সকালে বলতেন নির্বাচনে যাব, বিকেলে বা দুপুরে বলতেন যাবো না, আবার রাতে বলতেন নির্বাচনে যাব। জামায়াতের বর্তমান অবস্থানও ঠিক সেই রকম—কথা ও কাজের মধ্যে কোনো সামঞ্জস্য নেই।”
সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এনসিপির এই নেতা আরও বলেন, “স্বাক্ষর অনুষ্ঠানে আমরা জামায়াতের উপর ভরসা রাখিনি। তাদের দাবির সঙ্গে আমাদের দাবির কোনো মিল ছিল না। একমাত্র মিল ছিল আইনি ভিত্তি সংক্রান্ত বিষয়ে। তারা বলেছে আমরা তিন-চারটি দাবি দিয়েছি। আমরা স্পষ্টভাবে বলছি—আমরা চুপক্কভাবে আদেশ চাই না, আমরা প্রধান উপদেষ্টার কাছে চাই।”
তিনি আরও বলেন, “১০৬ ধারা অনুযায়ী তারা জনগণের অভিপ্রায়ে রাষ্ট্রপ্রধান ও সরকারের কাছ থেকে নির্দেশ চাইছে। কিন্তু আমরা ‘চুপ্পু’দের বিরুদ্ধে আন্দোলন করেছি। জুলাই আন্দোলনও চুপ্পুদের বিরুদ্ধেই হয়েছিল। সেই আদেশের মাধ্যমে গণভোটে যাওয়া সম্ভব নয় এবং তা আমরা মেনে নিতে পারি না।”
হান্নান মাসউদ জানান, বিএনপির পক্ষ থেকেও অনুষ্ঠানের আগের দিন সরকারের ক্ষমতায় থাকা সংক্রান্ত কিছু নির্দেশনা এসেছিল, যা পরবর্তীতে বাস্তবায়ন হয়নি। “ফলে এই কার্যক্রমের ওপর ভিত্তি করে কোনো কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব নয়,” বলেন তিনি।
এনসিপির এই জ্যেষ্ঠ নেতা মনে করেন, “জামায়াতের পদক্ষেপের স্বচ্ছতা ও রাজনৈতিক দায়বদ্ধতা এখন সময়ের দাবি। জনগণের প্রতি তাদের অবস্থান পরিষ্কার করতে হবে, নইলে রাজনৈতিক আস্থাহীনতা আরও বাড়বে।”









