জামালপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নারীসহ চারজন নিহত

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ১১:২৫ এএম
জামালপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নারীসহ চারজন নিহত

জামালপুর প্রতিনিধি:

জামালপুরে কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক শিশুসহ আরও চারজন। সোমবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের জামালপুর অর্থনৈতিক অঞ্চল (ইপিজেড) এলাকার মূল গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জামালপুর শহর থেকে ধনবাড়ীগামী একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশাকে ভয়াবহভাবে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রাশেদ মিয়া (১৮) নামে এক যুবক মারা যান। গুরুতর আহত অবস্থায় সাতজনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে পথে আরও তিনজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—সরিষাবাড়ী উপজেলার আরিফা আক্তার পলি (২৪), জামালপুর সদর উপজেলার চাঁন মিয়া (৬০) ও রাশেদ মিয়া (১৮)। নিহত আরিফার পাঁচ বছরের সন্তান মারাত্মকভাবে আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যানটি পালিয়ে গেলেও দিগপাইত মোড়ে স্থানীয়রা সেটি আটক করে পুলিশে দেয়। তবে চালক ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, “ঘটনাস্থলেই একজন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়। আহতদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ঘাতক কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে, চালককে আটকের চেষ্টা চলছে।”

স্থানীয়রা জানান, মহাসড়কের ওই অংশটিতে গতিরোধক না থাকায় যানবাহন দ্রুতগতিতে চলাচল করে। এ কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এলাকাবাসী।