জামানত ও বকেয়া বেতন ফেরতের দাবিতে কালাইয়ে শিক্ষকদের মানববন্ধন
সউদ আব্দুল্লাহ, কালাই(জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাট জেলার কালাই উপজেলায় জামানত ও বকেয়া বেতন ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন একটি বেসরকারি সংস্থার অন্তর্ভুক্ত প্রায় ৫০ জন শিক্ষক। রোববার (১৯ অক্টোবর ২০২৫) বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি পালন করেন শিক্ষক-শিক্ষিকারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ‘এসো গড়ি সোনার বাংলা (অএঝই)’ নামের একটি বেসরকারি সংস্থার অধীনে ২০২২ সালে তারা ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প’-এর আওতাধীন ‘আউট অব স্কুল চিলড্রেন’ কার্যক্রমে শিক্ষক হিসেবে নিয়োগ পান। সেই সময় সংস্থার নির্বাহী পরিচালক গাউসুল আযম ও তার ছেলে মো. মেহেদী হাসান প্রত্যেক শিক্ষকের কাছ থেকে ২০ হাজার টাকা করে জামানত নিয়েছিলেন। তবে, প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের ডিসেম্বর মাসে শেষ হলেও এখন পর্যন্ত সেই জামানতের কোনো টাকা ফেরত পাননি শিক্ষকরা।
শিক্ষকরা আরও অভিযোগ করেন, তাদের চুক্তিভিত্তিক মাসিক বেতন নির্ধারিত ছিল ৫ হাজার টাকা। কিন্তু নিয়মিত বেতন পরিশোধ করা হয়নি। ছয় মাস অন্তর আগাম স্বাক্ষর করা চেক জমা রেখে কেবল আংশিক অর্থ পরিশোধ করা হতো। এছাড়া, বাড়িভাড়া এবং উৎসব ভাতার টাকাও পুরোপুরি দেয়া হয়নি বলে দাবি করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষিকা গোলসানা শিল্পী,তহমিনা বেগম,খাদিজা খাতুন, রিফাত জাহানসহ আরও অনেকে। তারা জানান, প্রতিটি শিক্ষক গড়ে প্রায় ৪৮ হাজার টাকা বকেয়া বেতন এবং ২০ হাজার টাকা জামানত বাবদ পাওনা রয়েছেন। এই অর্থ দ্রুত ফেরত প্রদানের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
সংস্থার নির্বাহী পরিচালক মো. গাউসুল আযমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা।
এ বিষয়ে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আখতার জাহান জানান, শিক্ষকরা লিখিতভাবে তার কাছে অভিযোগ করেছেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষকরা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এবং প্রতারিত হয়ে আসার পরও তারা বারবার সংস্থার দপ্তরে যোগাযোগ করেও কোনো সমাধান পাননি। অবশেষে নিজেদের ন্যায্য পাওনার জন্য তারা এই মানববন্ধনের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।









