জাবির শিক্ষার্থীদের গবেষণায় অগ্রগতিতে বিনামূল্যে একাডেমিক টুলসের প্রস্তাব 'জাকসুর'

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ১১:৪০ পিএম
জাবির শিক্ষার্থীদের গবেষণায় অগ্রগতিতে বিনামূল্যে একাডেমিক টুলসের প্রস্তাব 'জাকসুর'

রেদওয়ান সাগর, জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নির্বাচিত কয়েকটি গুরুত্বপূর্ণ একাডেমিক ও রিসার্চ টুলসের প্রাতিষ্ঠানিক সাবস্ক্রিপশন বিনামূল্যে প্রদানের অনুমোদন চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নেতৃবৃন্দ।

রবিবার (১৩ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের (শিক্ষা) দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন জাকসুর প্রতিনিধিরা।

বৈঠকে জাকসু নেতারা শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত একাডেমিক ও রিসার্চ টুলস, গবেষণা ডাটাবেইস, সফটওয়্যার ও অনলাইন লার্নিং প্ল্যাটফর্মের প্রাতিষ্ঠানিক সাবস্ক্রিপশন প্রদানের বিষয়ে প্রস্তাব উত্থাপন করেন।

বৈঠক শেষে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান শিক্ষার্থীদের এই উদ্যোগের প্রশংসা করেন এবং বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন।

এসময় জাকসু নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, প্রস্তাবটি বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কার্যকরী ও আন্তর্জাতিকমানের গবেষণায় আরও দক্ষ হয়ে উঠবে এবং একাডেমিক কার্যক্রম আরও বেগবান হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন জাকসুর সহ-সভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক (জিএস) মো. মাজহারুল ইসলাম এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু উবায়দা উসামা।