জাবিতে শিক্ষার্থীদের নির্বিঘ্নে ক্যাম্পাসে ফিরতে কন্ট্রোল রুম চালু

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৫, ০৬:৩৫ পিএম
জাবিতে শিক্ষার্থীদের নির্বিঘ্নে ক্যাম্পাসে ফিরতে কন্ট্রোল রুম চালু

রেদওয়ান সাগর, জাবি প্রতিনিধি  :

দূর্গা পূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহাম ও লক্ষীপূজার ছুটি শেষে নির্বিঘ্নে ক্যাম্পাসে ফিরতে কন্ট্রোল রুম চালু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (০৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিনের প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দূর্গা পূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহাম ও লক্ষীপূজার ছুটি শেষে আগামী ০৭ অক্টোবর থেকে ক্লাস কার্যক্রম শুরু হচ্ছে। আজ ০৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের নির্বিঘ্নে ক্যাম্পাসে ফিরে আসার সার্বিক সহযোগিতা করার লক্ষ্যে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে ও প্রধান গেইটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। 

প্রতিদিন রাত ১০ থেকে সকাল ৬ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেইটে ওভারব্রীজ এলাকায় ২ জন, প্রধান গেইটের ওভারব্রীজ এলাকায় ২ জন এবং মীর মশাররফ হোসেন হল গেট এলাকায় ২ জন করে অতিরিক্ত আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়াও জরুরি প্রয়োজনে নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে, ‪+৮৮০১৭৭৫২৩৪৩৯৮ (প্রধান গেইট), ‪+৮৮০১৭৬৫৩৩৩৯৫৭ (প্রান্তিক গেইট), ‪+৮৮০১৩৪৫৭২৮৬৬৫‬ (মীর মশাররফ হোসেন হল গেইট), ‪+৮৮০১৭৬৫৩৩৩৯৫৮‬ (কন্ট্রোল রুম)। 

বিশ্ববিদ্যালয়ে প্রবেশের গেটগুলোতে নিরাপত্তা গার্ড, আনসার এবং পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। রাতে ফুটওভার ব্রিজগুলোতে থাকবে আনসার সদস্য। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের পাশে ঢাকা-আরিচা মহাসড়কে হাইওয়ে পুলিশ টহলে থাকবে।