জাবিতে দুই দিনব্যাপী সপ্তম জাতীয় বিজ্ঞান উৎসব শুরু

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, ১০:২৬ পিএম
জাবিতে দুই দিনব্যাপী সপ্তম জাতীয় বিজ্ঞান উৎসব শুরু

রেদওয়ান সাগর, জাবি প্রতিনিধি:

‘সি দ্য সায়েন্স, বি দ্য চেঞ্জ’—এই স্লোগানে  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি)  সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব (জেইউএসসি) আয়োজিত দুই দিনব্যাপী সপ্তম জাতীয় বিজ্ঞান মেলা শুরু হয়েছে আজ।মেলার প্রথম দিনে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রায় বারোশো  শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

শুক্রবার  (১৭ অক্টোবর) সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে মেলার উদ্বোধন করা হয়।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেইউএসসি’র সভাপতি মো. সৌরভ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা),উপ-উপাচার্য (প্রশাসন), কোষাধ্যক্ষ, জীববিজ্ঞান অনুষদের ডিন, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন এবং ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, সৃষ্টিকর্তার দুটি জিনিস সবচেয়ে বড় উপহার হিসেবে দিয়েছেন। একটি জীবন এবং অপরটি প্রযুক্তি। যারা বিজ্ঞানচর্চা করে তাদের কার্যক্রম সৃষ্টিকর্তার প্রতিনিধিত্ব করে। বিজ্ঞানীরা বিভিন্ন প্রযুক্তি আবিষ্কার করার মাধ্যমে আমাদের সেবা করেন। বিজ্ঞান চর্চা যারা করেন তারা স্রষ্টা কর্তৃক প্রদত্ত অতিরিক্ত দায়িত্ব পালন করে বলে মনে করে।

তিনি আরো বলেন, সায়েন্স ক্লাবের এই কার্যক্রম দেখে মনে হচ্ছে এটি একটি উপাসনা। এই ফেস্টিভ্যাল আয়োজনের সাথে যারা যুক্ত তাদের আমি ধন্যবাদ জানাই। আমি মনে করি এটা দায়িত্ব না, এটা তাদের উপাসনা। জাবি সায়েন্স ক্লাবের সাথে আছি এবং থাকব।

দুই দিনব্যাপী আয়োজিত মেলার প্রথম দিনে গণিত অলিম্পিয়াড, রুবিকস কিউব প্রতিযোগিতা,সায়েন্স ওপেন স্পিচ প্রতিযোগিতা,ফোর মিনিট প্রেজেন্টেশন নিয়ে চারটি ইভেন্ট ছিলো।আগামীকাল শনিবার (১৮ অক্টোবর) বায়োলজি অলিম্পিয়াড, সায়েন্স কুইজ, পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট শোকেসিং আরো চারটি ইভেন্ট রয়েছে।অতপর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সমাপ্তি হবে।

উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট প্রতিষ্ঠিত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব দেশের বিজ্ঞানচর্চা বিস্তারে কাজ করে আসছে। ক্লাবটি নিয়মিত আয়োজন করে জাতীয় গণিত অলিম্পিয়াড, বিজ্ঞান মেলা, কর্মশালা ও সেমিনার। এছাড়া ক্লাবের নিজস্ব প্রকাশনা ‘নিউক্লিয়াস’ ও ‘অরবিটাল’ তরুণ প্রজন্মের মাঝে বিজ্ঞানমনস্কতা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।এবারের আয়োজনে সহযোগী সংগঠন হিসেবে রয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রোবোটিকস ক্লাব, রাজশাহী ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব এবং সাস্ট সায়েন্স অ্যারেনা।