জাতীয় নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে এনসিপি

প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৫, ১০:০৮ পিএম
জাতীয় নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে এনসিপি

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন আবেদন ফরম বিক্রির কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীতে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আয়োজিত সংবাদ সম্মেলনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, এবারের মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে মুক্তিযোদ্ধা ও নিম্নআয়ের প্রার্থীদের জন্য ফরমের মূল্য ২ হাজার টাকা রাখা হয়েছে।

তিনি বলেন, “আগামী ১৩ নভেম্বর পর্যন্ত মনোনয়ন আবেদন ফরম বিক্রি চলবে। পরে ১৫ নভেম্বর প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ করা হবে।”

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও জানান, বিচার ও সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে বর্তমানে নয়টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে। “তবে এটি কোনো নির্বাচনী জোট নয়, বরং রাজনৈতিক জোট,” যোগ করেন তিনি।

এ সময় কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা বলেন, “আজ থেকেই আমাদের মনোনয়ন আবেদন ফরম বিক্রি শুরু হয়েছে। প্রার্থীরা তিনটি উপায়ে ফরম সংগ্রহ করতে পারবেন—

১. দলীয় কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি,

২. অনলাইনে, এবং

৩. দলীয় দুই মুখ্য সংগঠক ও সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে।”

তিনি আরও জানান, অনলাইনে মনোনয়ন ফরম পূরণ ও জমা দেওয়ার সুযোগও রাখা হয়েছে, যাতে প্রার্থীরা দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই আবেদন করতে পারেন।

দলীয় সূত্রে জানা গেছে, এনসিপি আগামী নির্বাচনে দেশের বিভিন্ন আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। শিগগিরই প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।