জরিপে নয়, নির্বাচনে বিএনপিই জিতবে: রুমিন ফারহানা
ডেস্ক রিপোর্ট:
জরিপ কখনো নির্বাচনের ফল নির্ধারণ করে না বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা রুমিন ফারহানা। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে জামায়াতের ভোট বাড়লেও আসন্ন নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে।
সম্প্রতি এক টকশোতে অংশ নিয়ে জরিপ ও নির্বাচনের সম্পর্ক নিয়ে নিজের অভিমত তুলে ধরেন বিএনপির এই নেত্রী। তিনি বলেন, “নির্বাচন যত এগিয়ে আসবে, প্রত্যেক দলই নিজেদের পক্ষে কথা বলবে। আমরা বিভিন্ন জরিপে দেখেছি—যে সংগঠনই জরিপ করুক না কেন, বিএনপি অনেক ব্যবধানে এগিয়ে আছে। তাই আসনসংখ্যা নিয়ে এখনই কিছু বলার প্রয়োজন নেই।”
রুমিন ফারহানা বলেন, “সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, জামায়াতে ইসলামীকে সমর্থন করে ৩১ শতাংশ মানুষ, আর বিএনপিকে ভোট দিতে চায় ৪১ শতাংশ। ব্যবধান কমলেও এটি গুরুত্বপূর্ণ ব্যবধান। ২০০৮ সালের নির্বাচনের দিকেও যদি তাকান, ভোটের শতাংশে ব্যবধান কম থাকলেও আসন সংখ্যায় বিশাল পার্থক্য দেখা গিয়েছিল। ৪১ শতাংশ সমর্থন কোনো সাধারণ সংখ্যা নয়—এটি একটি বড় রাজনৈতিক শক্তির ইঙ্গিত।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ এই মুহূর্তে মাঠে নেই। তবে তাদের সমর্থকদের একটি অংশ ভোট দিতে নাও যেতে পারেন, আবার কেউ কেউ জামায়াত, এনসিপি বা বিএনপিকে ভোট দিতে পারেন। ফলে প্রতিটি দলের সমর্থনের হার আগের তুলনায় বেড়েছে।”
জরিপের ফলাফলকে নির্বাচনের ফলের সঙ্গে গুলিয়ে না ফেলতে সতর্ক করে রুমিন ফারহানা বলেন, “জরিপ অনেক কিছুর উপর নির্ভর করে—কোন এলাকায়, কোন বয়স বা শিক্ষার স্তরের মানুষের মধ্যে জরিপ হচ্ছে, সেটির প্রভাব থাকে। শহর ও গ্রামের মানুষের রাজনৈতিক মনোভাবও আলাদা। তাই জরিপে যাই আসুক না কেন, নির্বাচনের মাঠে বাস্তবতা অনেক সময় ভিন্ন রূপ নেয়।”
তিনি শেষ করেন এই বলে, “জামায়াতের সাম্প্রতিক উল্লম্পন একাধিক কারণে হতে পারে, কিন্তু জরিপে এগিয়ে থাকা মানেই নির্বাচনে জয় নয়। আসল খেলা নির্বাচনের দিনেই হবে, আর সেখানে বিএনপি জনগণের বিপুল সমর্থন নিয়ে বিজয়ী হবে বলে আমরা বিশ্বাস করি।”









