জন্মদিনে ছেলের সঙ্গে কেক কাটলেন অপু বিশ্বাস, ভক্তদের ভালোবাসায় সিক্ত ঢালিউডের জনপ্রিয় নায়িকা

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫, ০৯:১৯ পিএম
জন্মদিনে ছেলের সঙ্গে কেক কাটলেন অপু বিশ্বাস, ভক্তদের ভালোবাসায় সিক্ত ঢালিউডের জনপ্রিয় নায়িকা

বিনোদন ডেস্ক:

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের জন্মদিন আজ (শনিবার)। বাংলা সিনেমার অন্যতম সফল এই অভিনেত্রী জীবনের ৩৬টি বসন্ত পার করে আজ পা রাখলেন ৩৭ বছরে। শতাধিক সিনেমায় অভিনয় করা এই নায়িকা এখনও সমান উজ্জ্বল তাঁর অভিনয়, উপস্থিতি ও জনপ্রিয়তায়।

জন্মদিনের শুরুতেই নায়িকার জন্য আসে এক বিশেষ মুহূর্ত। শুক্রবার (১০ অক্টোবর) মধ্যরাতে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন অপু বিশ্বাস। সেখানে দেখা যায়, একটি বেগুনি রঙের আকর্ষণীয় কেকের সামনে বসে আছেন তিনি ও তার একমাত্র সন্তান আব্রাম খান জয়।

ভিডিওটিতে জয় মাকে উদ্দেশ্য করে বলে, “মম? হ্যাপি বার্থডে।” এরপর মা-ছেলের হাসি-আনন্দে ভরে ওঠে ঘর। কেক কাটার মুহূর্তে ঘটে এক মজার ঘটনাও—জয় বারবার ফু দিয়েও কেকের মোমবাতি নিভাতে পারছিল না। পরে অপু নিজেই এক ফু দিয়ে মোমবাতি নিভিয়ে দেন এবং হেসে বলেন, “চলো এবার কেক কাটি।” এরপর মা-ছেলে মিলে কেক কাটেন এবং একে অপরকে খাইয়ে দেন।এই ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ভক্ত ও তারকারা মন্তব্যঘরে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দেন অপুকে। অনেকে লেখেন—“চিরকাল এমন হাসি মুখেই থাকুন অপু বিশ্বাস”, “মা-ছেলের এই সম্পর্কটাই সবচেয়ে বড় আশীর্বাদ।”

অপু বিশ্বাসের প্রকৃত নাম অবন্তী বিশ্বাস। তিনি ১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া এস কে লেনে জন্মগ্রহণ করেন। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন ‘কোটি টাকার কাবিন’, ‘মার ছক্কা’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’, ‘পিতার আসন’, ‘মায়ের মতো বাবা’, ‘রাজনীতি’সহ অসংখ্য হিট সিনেমা।

বর্তমানে অভিনয়ের পাশাপাশি ফটোশুট ও বিভিন্ন ইভেন্টে যোগ দিয়ে ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা। তবে ব্যক্তিজীবনের নানা ঘটনার জন্যও প্রায়ই খবরের শিরোনামে আসেন তিনি।

২০০৮ সালের ১৮ এপ্রিল অভিনেতা শাকিব খানকে গোপনে বিয়ে করেছিলেন অপু বিশ্বাস। ২০১৭ সালে তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়-এর জন্মের পর সেই বিয়ের খবর প্রকাশ্যে আসে। পরে নানা জটিলতার জেরে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ ঘটে।

তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে শাকিব-অপুকে একসঙ্গে দেখা যাওয়ায় নতুন করে জল্পনা শুরু হয় ভক্তদের মধ্যে। তাই এবারের জন্মদিনেও অনেকেই জানতে চেয়েছেন—শাকিব খান কি উপস্থিত ছিলেন অপুর জন্মদিনের পার্টিতে? যদিও এ বিষয়ে কোনো তথ্য বা ভিডিও এখনো প্রকাশ করেননি অপু বিশ্বাস।

ভক্তরা বলছেন, “শাকিব থাকুক বা না থাকুক, অপু বিশ্বাস সব সময়ই আমাদের প্রিয় তারকা, যিনি মা হিসেবে এবং অভিনেত্রী হিসেবে অনন্য।”

বাংলা সিনেমার এই তারকার জন্মদিনে আমরা জানাই আন্তরিক শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা।