জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ হাসপাতালে ভর্তি, ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক:
জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার গভীর রাতে প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি অনুভব করলে পরিবার দ্রুত তাকে ঢাকার মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে ভর্তি করার সিদ্ধান্ত নেন।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, অভিনেতা হাসান মাসুদ ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে তার মাইল্ড হার্ট অ্যাটাকও হয়েছে। বর্তমানে তিনি স্ট্রোক ইউনিটে নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার টিমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। ডা. চক্রবর্তী বলেন, “এ ধরনের রোগীদের সাধারণত ৪৮ থেকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। এরপর তার পরবর্তী চিকিৎসা পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
দেশের বিনোদন অঙ্গনে হাসান মাসুদ একটি পরিচিত নাম। কৌতুকাভিনয় থেকে শুরু করে ভিন্নধারার চরিত্রে নিজের অভিনয় দক্ষতা দেখিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। একসময় নিয়মিত টেলিভিশন নাটকে অভিনয় করলেও সাম্প্রতিক সময়ে পর্দায় তাকে কম দেখা যায়।
অভিনয়ের আগে ভিন্নধারার কর্মজীবন ছিল তার। ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়ে ১৯৯২ সালে ক্যাপ্টেন পদ থেকে অবসর গ্রহণ করেন তিনি। পরবর্তীতে ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন এবং ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিবিসি বাংলায় কর্মরত ছিলেন।
সাংবাদিকতা থেকে অভিনয়ে যুক্ত হয়ে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে নিজের পথচলা শুরু করেন। এরপর ‘মেড ইন বাংলাদেশ’সহ একাধিক সিনেমায় কাজ করেন তিনি। পাশাপাশি টেলিভিশন নাটকে তার অসাধারণ অভিনয় দর্শকদের মন জয় করে। উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘বউ’, ‘খুনসুটি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘আমাদের সংসার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’, ‘বাতাসের ঘর’ ও ‘প্রভাতী সবুজ সংঘ’।
হাসান মাসুদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তার ভক্ত, সহকর্মী এবং সাংস্কৃতিক অঙ্গনের মানুষ।









