ছাত্রশিবিরের কমিটি উন্মুক্ত থাকলে আবরার ফাহাদের মৃত্যু হতো না: শেখ তানভীর বারী হামিম
মোঃ জাহেরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করা শেখ তানভীর বারী হামিম বলেছেন, যদি ছাত্রশিবিরের কমিটি উন্মুক্ত থাকত, তবে আবরার ফাহাদের মতো কারও মর্মান্তিক মৃত্যু ঘটত না।
মঙ্গলবার (৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
হামিম লিখেছেন, “ছাত্রশিবিরের কমিটি অন্য সব ছাত্রসংগঠনের মতো প্রকাশিত থাকলে আবরার ফাহাদের মতো অনেক সাধারণ শিক্ষার্থীকে বিনা কারণে ‘ট্যাগিংয়ের’ মাধ্যমে নির্মম নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করতে হতো না।”
তিনি আরও বলেন, “আবরার ফাহাদ যেমন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের প্রতীক, তেমনি আবরারদের মৃত্যু শিবিরের ভুল রাজনীতিরও নির্দেশক।”
তানভীর বারী হামিম তার স্ট্যাটাসে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে ছাত্ররাজনীতির পুনর্গঠনের আহ্বান জানিয়ে বলেন, “এ দিনে দুটি বিষয়ে আমাদের সকলের ঐক্যমতে পৌঁছানো জরুরি—
১. ছাত্রলীগ নো মোর
২. ছাত্রশিবিরের কমিটি উন্মুক্তকরণ।”
উল্লেখ্য, ২০১৯ সালের ৭ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ছাত্র আবরার ফাহাদকে তারই সহপাঠীরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। ওই হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক ট্যাগিং ও সংগঠনভিত্তিক সহিংসতার সংস্কৃতিকে দায়ী করা হয়।









