ছাত্রদলকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার দুই স্বতন্ত্র প্রার্থীর
আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) ও দপ্তর সম্পাদক পদে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করা দুই প্রার্থী নিজেদের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভিপি পদপ্রার্থী সাঈদ মো. রেদোয়ান এবং দপ্তর সম্পাদক পদপ্রার্থী সাখাওয়াত হোসাইন ছাত্রদলকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, “আমরা গভীরভাবে উপলব্ধি করেছি ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক রয়েছে। আমরা এই সংগঠনকে হৃদয়ে ধারণ করি এবং এর আদর্শ ও সিদ্ধান্তকে সর্বোচ্চ সম্মান করি।”
তারা জানান, দলীয়ভাবে মনোনীত ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় এবং দপ্তর সম্পাদক প্রার্থী তৌহিদুল ইসলামকে পূর্ণ সমর্থন জানিয়ে তারা প্রার্থিতা প্রত্যাহার করেছেন....
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারা স্পষ্ট করেন, এই সিদ্ধান্তে দলীয় কোনো চাপ ছিল না। বরং ব্যক্তিগত উপলব্ধি এবং সংগঠনের প্রতি দায়বদ্ধতা থেকেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।









