চাকসু নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ, সাত দফা ইশতেহার ছাত্রীসংস্থার
আহমেদ মুনহা, চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন ও অযাচিত হস্তক্ষেপের অভিযোগ তুলেছে ইসলামী ছাত্রীসংস্থা। সোমবার (৬ অক্টোবর) চাকসু ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে সংগঠনটি নারীবান্ধব ক্যাম্পাস গঠনে সাত দফা ইশতেহার ঘোষণা করে।
সংবাদ সম্মেলনে ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’-এর কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী জান্নাতুল ফেরদৌস সানজিদা বলেন, “শাখা ছাত্রদল রবিবার (৫ অক্টোবর) আমাদের এবং এক হল প্রাধ্যক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছে। আমরা সেই অভিযোগের প্রতিবাদ জানাতে এবং নারীবান্ধব ক্যাম্পাস গঠনের ইশতেহার প্রকাশ করতে এখানে এসেছি।”
ছাত্রীসংস্থার পক্ষ থেকে অভিযোগ করা হয়, শামসুন্নাহার হলের ভিপি প্রার্থী শেখ সাদিয়া আচরণবিধি ভঙ্গ করে বাদামি রঙের লিফলেট ছাপালেও নির্বাচন কমিশন তা উপেক্ষা করেছে। এছাড়া ছাত্রীসংস্থা-সমর্থিত অদম্য শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী ফাইরোজ ফেরদৌসের ফেসবুক আইডি হ্যাক করা, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদপ্রার্থী তাসমিনকে প্রকাশ্যে হুমকি দেওয়া এবং দৃষ্টিপ্রতিবন্ধী প্রার্থী আয়েশা আক্তারকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও উত্থাপন করা হয়।
নারীবান্ধব ক্যাম্পাস গঠনে ঘোষিত সাত দফা ইশতেহারের মধ্যে রয়েছে—
১. প্রতিটি হলে নিপীড়নবিরোধী মনিটর সেল গঠন,
২. অনলাইন অভিযোগ প্ল্যাটফর্ম চালু,
৩. দ্রুত জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিতকরণ,
৪. আইনি সহায়তা ও কাউন্সেলিং ডেস্ক স্থাপন,
৫. সচেতনতা ও নেতৃত্ব বিকাশ কর্মসূচি,
৬. সহপাঠী সহায়তা নেটওয়ার্ক গড়ে তোলা,
৭. বিশ্ববিদ্যালয়ের আচরণবিধিতে নারী হয়রানি ও সাইবার বুলিংকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে সংযোজন।
আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত চাকসু নির্বাচন। এবারের নির্বাচনে মোট ৯০৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন—এর মধ্যে চাকসুর ২৬টি পদের বিপরীতে ৪১৫ জন এবং হল সংসদে ৪৮৬ জন প্রার্থী রয়েছেন।









