চাকসু ও হল সংসদ নির্বাচনে চূড়ান্ত তালিকা প্রকাশ: ৯০৮ প্রার্থী লড়াইয়ে
আহমেদ মুনহা, চবি প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে মোট ৯০৮ জন প্রার্থী চূড়ান্ত হয়েছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ৪১৫ এবং হল সংসদগুলোতে ৪৯৩ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
কেন্দ্রীয় সংসদের ২৬টি পদে লড়বেন ৪১৫ জন প্রার্থী। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ২৪, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২২, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২১, কার্যনির্বাহী সদস্য পদে ৮৫ জনসহ অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
হল সংসদে মোট ১৪টি হলে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৯৩ জন। এর মধ্যে ছাত্র হলে ৩৫০ ও ছাত্রী হলে ১২৩ জন। ছেলেদের হলে সর্বাধিক প্রার্থী হয়েছেন সোহরাওয়ার্দী হলে (৫৩ জন)। মেয়েদের হলে সর্বাধিক প্রার্থী দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে (৩০ জন)।
মনোনয়নপত্র প্রত্যাহার ও বাতিলের কারণে কেন্দ্রীয় সংসদে ১১ এবং হল সংসদে নয়জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এ ছাড়া ত্রুটিপূর্ণ ফরমের কারণে কেন্দ্রীয় সংসদে চারটি মনোনয়ন বাতিল হয়েছে।
চাকসু নির্বাচনের কারণে ১৫ ও ১৬ অক্টোবরের পরীক্ষাসূচি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচনের দিন ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরপরই ভোট গণনা শুরু হবে।









