চাকসুর নির্বাচিতদের গ্যাজেট প্রকাশ মঙ্গলবার, শপথ বৃহস্পতিবার

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ১১:৫৮ এএম
চাকসুর নির্বাচিতদের গ্যাজেট প্রকাশ মঙ্গলবার, শপথ বৃহস্পতিবার

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচিত প্রতিনিধিদের গ্যাজেট প্রকাশ করা হবে আগামী (২১ অক্টোবর) মঙ্গলবার।

 নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে।

রবিবার (১৯ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। তিনি বলেন, “চাকসুর নির্বাচিতদের গ্যাজেট মঙ্গলবার প্রকাশিত হবে এবং বৃহস্পতিবার তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। হল সংসদের নির্বাচিতদের শপথ গ্রহণ পরবর্তীতে নিজ নিজ হলে অনুষ্ঠিত হবে।”

উপ-উপাচার্য আরও জানান, “গ্যাজেট প্রকাশের পর থেকেই নির্বাচিতদের দায়িত্বের সময় শুরু হবে। এরপর থেকে তারা চাকসু কার্যক্রমে অংশ নিতে পারবেন। চাকসু ভবনে প্রতিনিধিদের বসার উপযোগী পরিবেশ তৈরি করা হয়েছে এবং পরবর্তীতে ভবনের কাজ আরও এগিয়ে নেওয়া হবে।”

চাকসু নির্বাচন কমিশনার ও সদস্য সচিব অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী বলেন, “চাকসু নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। সবার সহযোগিতায় একটি সুন্দর নির্বাচন সম্পন্ন হয়েছে, এজন্য আমরা কৃতজ্ঞ।”

তিনি আরও জানান, “এখন আমরা নির্বাচিতদের গ্যাজেট প্রকাশের কাজ করছি। মঙ্গলবার গ্যাজেট প্রকাশ করা হবে এবং বৃহস্পতিবার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে নির্বাচিতদের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে।”