চাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ
আহমেদ মুনহা, চবি প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিরা আজ(২৩অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে শপথ নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে চাকসুর সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার শপথবাক্য পাঠ করান।
নয়টি ছাত্র, চারটি ছাত্রী হল ও একটি হোস্টেলের প্রভোস্টবৃন্দ নিজ নিজ হল ও হোস্টেল সংসদের প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক থেকে পাঠ করা হয়। এরপর জুলাই গণঅভ্যুত্থানে শহিদ হৃদয় চন্দ্র তরুয়া ও শহিদ ফরহাদ হোসেনের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
গত সপ্তাহের বুধবার দীর্ঘ ছত্রিশ বছর পর সপ্তম চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি (ভিপি) পদে ছাত্রশিবিরের সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের ইব্রাহিম হোসেন রনি এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে একই প্যানেলের সাঈদ বিন হাবিব নির্বাচিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত হন ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক। কেন্দ্রীয় সংসদের ২৬টি পদের মধ্যে ২৪টিতেই ছাত্রশিবিরের প্যানেল বিজয়ী হয়।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিনিধিত্বশীল ছাত্র সংসদ পেয়েছে। এই সংসদের মাধ্যমে তারা নিজেদের দাবি-দাওয়াগুলো উপস্থাপন করবে। আজ শপথের মাধ্যমে নির্বাচন কমিশনের দায়িত্ব শেষ হলো, আমরা হাফ ছেড়ে বাঁচলাম।”
নবনির্বাচিত ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, “চাকসু বা হল সংসদ কোনো চমক দেখানোর জায়গা নয়। গত ৩৫ বছর ধরে আমরা দাবি জানিয়ে এসেছি, এখন সময় এসেছে অধিকার আদায়ের।”
চাকসুর সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, “শিক্ষার্থীদের বহুদিনের দাবি ছিল চাকসু নির্বাচন। আজ সেই দাবি পূরণ হয়েছে।”
শপথ গ্রহণ অনুষ্ঠানে চাকসুর সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন সরকার, মাজহারুল হক চৌধুরী, এস এম ফজলুল হক, শামসুজ্জামান হিরা এবং সাবেক জিএস মাহমুদুর রহমান মান্না উপস্থিত ছিলেন।









