চাকরির শেষ দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে শিক্ষকের মৃত্যু

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১১:৫৯ পিএম
চাকরির শেষ দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে শিক্ষকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে চাকরি জীবনের শেষ কর্মদিবসে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. ফজলুল করিম (৬০) নামের এক শিক্ষক মারা গেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে বিদ্যালয়ে দায়িত্ব পালনরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

জানা গেছে, বৃহস্পতিবার ছিল ফজলুল করিমের চাকরি জীবনের শেষ দিন। বিকেল সাড়ে ৩টার দিকে রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা হামিন দামিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশরুমে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম ফজলুল করিম রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মীরের দেউলমুরা গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রায়গঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, “তিনি অত্যন্ত সৎ, বিনয়ী ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন। শিক্ষার্থীদের প্রতি তার ভালোবাসা ছিল অনুকরণীয়। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”

রায়গঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন বলেন, “ফজলুল করিম ছিলেন একজন দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ শিক্ষক। চাকরির শেষ দিনে তার এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। শিক্ষা পরিবার একজন ভালো মানুষ ও আদর্শ শিক্ষককে হারালো।”

স্থানীয় শিক্ষক সমাজ ও প্রাক্তন শিক্ষার্থীরা জানান, ফজলুল করিম ছিলেন এলাকার অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তি। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা থেকে নিজের দায়িত্ব পালন করেছেন। তার অকাল মৃত্যুতে পুরো রায়গঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।