চব্বিশের গণ-আকাঙ্ক্ষাকে ন্যায্যতার মাধ্যমে প্রতিষ্ঠা করতে হবে: জাবি উপাচার্য

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৫ পিএম
চব্বিশের গণ-আকাঙ্ক্ষাকে ন্যায্যতার মাধ্যমে প্রতিষ্ঠা করতে হবে: জাবি উপাচার্য

রেদওয়ান আহাম্মেদ সাগর,  জাবি প্রতিনিধি:

চব্বিশের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণ-আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা ন্যায্যতা প্রতিষ্ঠার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় ইস্টার্ন ইউনিভার্সিটি ডিবেট ক্লাব আয়োজিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৫-এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, ‘আমাদের তরুণ প্রজন্ম নিজেদের জীবন দিয়ে দেখিয়েছে যে, রাষ্ট্র পরিচালনায় নিযুক্ত অভিভাবকরা ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতার দায়ে তাঁদের উৎখাত করা হয়েছে। এখন তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার আলোকে রাষ্ট্রকে গড়ে তুলতে হবে।’

এ সময় তিনি আরও বলেন, ‘সমাজে ন্যায়-নীতি প্রতিষ্ঠায় যুক্তি ও বিতর্কের গুরুত্ব অপরিসীম। যুক্তিনিষ্ঠ চিন্তার চর্চা, অপরের মতামতের প্রতি শ্রদ্ধা এবং যৌক্তিকভাবে নিজের বক্তব্য উপস্থাপন—এগুলোই আলোকিত সমাজ গঠনে ভূমিকা রাখে। বিতর্কের প্রসারে সংগঠনগুলোর অব্যাহত প্রচেষ্টার ওপর তিনি জোর দেন এবং প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানান। একই সঙ্গে রাষ্ট্রের প্রতিটি স্তরে নৈতিক মূল্যবোধ রক্ষায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাশেম হায়দার, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সামছুল হুদা, রেজিস্ট্রার ড. আবুল বাশার খানসহ শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বিতার্কিকরা।

উল্লেখ্য, জাতীয় এ বিতর্ক প্রতিযোগিতায় দেশের ৩২টি বিশ্ববিদ্যালয় ও ২৮টি কলেজ অংশ নেয়। বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এবং কলেজ পর্যায়ে বিজয়ী হয় সরকারি বিজ্ঞান কলেজ।