চবি গ্রীন ভয়েস শাখার নতুন সদস্য সংগ্রহ শুরু: পরিবেশ রক্ষায় তরুণদের উচ্ছ্বসিত অংশগ্রহণ

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ০৭:৩৫ পিএম
চবি গ্রীন ভয়েস শাখার নতুন সদস্য সংগ্রহ শুরু: পরিবেশ রক্ষায় তরুণদের উচ্ছ্বসিত অংশগ্রহণ

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:

পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা নবীন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে সদস্য সংগ্রহ বুথ স্থাপন করা হয়।  

পাশাপাশি ‘কলা ও মানববিদ্যা অনুষদ’ এবং ‘সমাজবিজ্ঞান অনুষদ’-এর বিভিন্ন বিভাগে ক্লাস ক্যাম্পেইনের মাধ্যমে কার্যক্রম চালাচ্ছে সংগঠনটির সদস্যরা।

বিশেষ করে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীরা পরিবেশবান্ধব কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আগ্রহে সদস্য ফর্ম নিচ্ছেন। তবে শুধু নবীনরাই নয়, বিশ্ববিদ্যালয়ের সব সেশনের শিক্ষার্থীরাও নির্দিষ্ট তথ্য দিয়ে ফর্ম পূরণ করে সদস্য হতে পারবেন বলে জানিয়েছেন চবি গ্রীন ভয়েস শাখার সভাপতি অনিক সরকার।

গ্রীন ভয়েসের কার্যক্রম সম্পর্কে সভাপতি অনিক সরকার বলেন,

“গ্রীন ভয়েস একটি পরিবেশবাদী সংগঠন। আমরা পরিবেশ সুরক্ষা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সচেতনতা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে কাজ করি। পাশাপাশি সদস্যদের পাবলিক স্পিকিং, ডিবেটিং এবং নেতৃত্বগুণ বিকাশে সহায়তা করি। এছাড়া আমাদের মেয়েদের সুরক্ষা বিষয়ক শাখা ‘বহ্নিশিখা’ আত্মরক্ষামূলক ক্যারাটে প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।”

গ্রীন ভয়েস শাখার আপ্যায়ন বিষয়ক সম্পাদক সৌরভ হাসান বলেন, “আমি নিজেও পরিবেশ বিষয়ে সচেতন। সেই সচেতনতা অন্যদের মাঝে ছড়িয়ে দিতে সকাল থেকেই বুথে ছিলাম। নবীনদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি; অনেকে ফর্ম সংগ্রহের পর সঙ্গে সঙ্গে পূরণ করে জমা দিচ্ছেন।”

চবি গ্রীন ভয়েস শাখার সহ-নারী প্রশিক্ষণ সম্পাদক দৃষ্টি বলেন, “গ্রীন ভয়েস শুধু পরিবেশ নিয়েই কাজ করে না, মেয়েদের সুরক্ষা নিয়েও কাজ করে। আমাদের ‘বহ্নিশিখা’ শাখায় মেয়েদের আত্মরক্ষার ক্যারাটে শেখানো হয়। আগামী ডিসেম্বর মাসে ঢাকার প্রশিক্ষক এসে প্রশিক্ষণ দেবেন।”

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. মামুন হাসান জানান,

 “নবীন সদস্য সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। এছাড়া আমরা শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের পরিকল্পনা নিয়েছি। দুর্যোগকালীন সময়েও আমরা ত্রাণ সহযোগিতা দিয়ে থাকি।”

গ্রীন ভয়েসে সদস্য হওয়ার তিনটি উপায়:

১️. ক্লাস ক্যাম্পেইন থেকে সরাসরি সদস্য ফর্ম সংগ্রহ

২️.চবি জিরো পয়েন্টে যাত্রী ছাউনির নির্দিষ্ট বুথ থেকে ফর্ম সংগ্রহ

৩️.অনলাইন লিংকের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য পূরণ করে সদস্য হওয়া।।

চবি গ্রীন ভয়েস শাখার বর্তমান ও পূর্ববর্তী কার্যক্রমগুলো পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংগঠনটির সদস্যদের বিশ্বাস, সবার সম্মিলিত সচেতনতা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখবে।