চবি গ্রীন ভয়েসের উদ্যোগে ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
আহমেদ মুনহা, চবি প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গ্রীন ভয়েস, পরিবেশবাদী এই যুব সংগঠনটি মঙ্গলবার (১৪ অক্টোবর) এক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে।
অভিযানে উপস্থিত ছিলেন চবি গ্রীন ভয়েস শাখার সভাপতি নূর মোহাম্মদ সাগর, সাধারণ সম্পাদক রাফী সরকার এবং চট্টগ্রাম বিভাগীয় গ্রীন ভয়েসের সমন্বয়ক আহমেদ হানিফসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সকাল ১০টা ৩০ মিনিটে শহীদ মিনারে একত্রিত হয়ে অভিযানটি শুরু হয়। বুদ্ধিজীবী চত্বর থেকে শুরু করে প্রশাসনিক ভবনের সামন দিয়ে, চাকসু ভবন, জারুল তলা হয়ে বিজ্ঞান অনুষদ পর্যন্ত বিস্তৃত ছিল এ পরিচ্ছন্নতা কার্যক্রম।
ইতিহাস বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল মামুন বলেন,
“পরিচ্ছন্নতা শুধু একদিনের কাজ নয়, এটি হওয়া উচিত নিয়মিত অভ্যাস। আমরা চাই সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হোক।
বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌরভ হাসান বলেন ,
“পরিবেশ রক্ষা মানে নিজের ঘর, নিজের ক্যাম্পাস পরিষ্কার রাখা। এমন উদ্যোগ ভবিষ্যত প্রজন্মের জন্যও দৃষ্টান্ত হয়ে থাকবে।
বক্তারা জানান, চাকসু নির্বাচনের প্রচারণা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা লিফলেট ও পোস্টারে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই পরিবেশের প্রতি দায়িত্ববোধ থেকেই প্রক্টর অফিসের অনুমতি নিয়ে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানের সময় অংশগ্রহণকারীরা দলবদ্ধভাবে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলো থেকে লিফলেট, পোস্টার ও অন্যান্য বর্জ্য অপসারণ করেন।
উল্লেখ্য, সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত এই অভিযানে চবি গ্রীন ভয়েসের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।









