চবিতে শাটল ট্রেনে মেয়েদের জন্য সংরক্ষিত বগির দাবিতে ৪ হাজার শিক্ষার্থীর গণস্বাক্ষর

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ০২:৩৮ পিএম
চবিতে শাটল ট্রেনে মেয়েদের জন্য সংরক্ষিত বগির দাবিতে ৪ হাজার শিক্ষার্থীর গণস্বাক্ষর

আহমেদ মুনহা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত বগির দাবিতে ৪,০০০ জনেরও বেশি শিক্ষার্থীর গণস্বাক্ষর সংগ্রহ করেছে বিশ্ববিদ্যালয়ের সেবামূলক সংগঠন বিআরএফ ইয়ুথ ক্লাব।

সোমবার (১০ নভেম্বর ২০২৫)সংগঠনটির পক্ষ থেকে চবির প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন-এর কাছে গণস্বাক্ষরসহ একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ- দপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে পর্যাপ্ত বগি ও শিডিউলের অভাবে অনেক শিক্ষার্থীকে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে যাতায়াত করতে হয়। নারী শিক্ষার্থীরা এতে অস্বস্তি বোধ করেন, কেউ কেউ অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শ বা ‘ব্যাড টাচ’-এরও শিকার হয়েছেন। তাই অনেকেই বিকল্প যানবাহন ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মেট্রোরেলসহ ভারত, মালয়েশিয়া, জাপান, মিশর, সংযুক্ত আরব আমিরাতসহ বহু দেশে নারী যাত্রীদের জন্য সংরক্ষিত বগি চালু রয়েছে। আমরা চাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনেও অবিলম্বে নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত বগি চালু করা হোক।”

বিআরএফ ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক মো. নিয়াজ মাখদুম বলেন, “ভুক্তভোগী শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা জনমত জানতে গণস্বাক্ষর গ্রহণ করেছি। বিশ্ববিদ্যালয়ের চার হাজারেরও বেশি শিক্ষার্থী মেয়েদের সংরক্ষিত বগির দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অন্তত তিনটি সংরক্ষিত বগির ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।”

প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন,

 “৪,০০০ শিক্ষার্থীর এই দাবিটি যৌক্তিক। এখন যেহেতু নির্বাচিত চাকসু রয়েছে, বিষয়টি তাদের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হলে আশা করি একটি ইতিবাচক সমাধান আসবে।”

গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন চাকসুর সহ যোগাযোগ ও আবাসন সম্পাদক ওবায়দুল সালমান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাহবুবুর রহমান, বিআরএফ ইয়ুথ ক্লাব চবি শাখার সভাপতি অন্তর সফিউল্লাহ, সৈয়ব আহমেদ সিয়াম, মো. ইসতিয়াক হোসেন মজুমদার, মো. কাউসার আহমেদ ও ইয়াসিন সিয়াম প্রমুখ।