চবিতে পিসিপির নবীন বরণ, প্রবীণ বিদায় ও চাকসু হল সংসদে জয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৫, ০৫:২৫ পিএম
চবিতে পিসিপির নবীন বরণ, প্রবীণ বিদায় ও চাকসু হল সংসদে জয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে নবীন বরণ, প্রবীণ বিদায় ও চাকসু হল সংসদে জয়ী পাহাড়ি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আজ শনিবার (৮ নভেম্বর ২০২৫) বেলা ১১টায় চবি আইন অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য নির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে বলেন, “যারা নির্বাচিত হয়েছেন, আপনারা শুধু পাহাড়িদের নেতা নন—চবির ২৮ হাজার শিক্ষার্থীর নেতা। নিজেদের সীমাবদ্ধ না রেখে, সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। নিজেদের সবসময় বাংলাদেশি হিসেবে ভাবুন। আমাদের বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য নেতা তৈরি নয়, যোগ্য গ্র্যাজুয়েট তৈরি করা।”

তিনি আরও বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ইমেজ উন্নয়নে কাজ করছি। যোগ্য শিক্ষক নিয়োগ ও দক্ষ গ্র্যাজুয়েট তৈরির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যোগ্য শিক্ষক নিয়োগ হলে যোগ্য শিক্ষার্থী তৈরি হবে, যা দেশ ও সমাজের জন্য উপকার বয়ে আনবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক ড. মো. আনোয়ার হোসেন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুনমুন নেছা চৌধুরী।

পিসিপি চবি শাখার সাধারণ সম্পাদক সুদর্শন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাখা সভাপতি ভূবন চাকমা।

এসময় আরও বক্তব্য রাখেন পিসিপির কেন্দ্রীয় সভাপতি অমল ত্রিপুরা, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সোহেল চাকমা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রোনাল চাকমা, ডাকসুর কেন্দ্রীয় নির্বাহী সদস্য হেমা চাকমা, চবি অতীশ দীপঙ্কর হলের ভিপি রিপুল চাকমা ও নবাব ফয়জুন্নেছা হলের ভিপি পারমিতা চাকমা প্রমুখ।

অতীশ দীপঙ্করের হল সংসদের দপ্তর সম্পাদক অরিয়ন চাকমা বলেন, এটা এই বছর প্রথম পিসিপি থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা সবাই একসাথে একটা উৎসবমুখর পরিবেশে নবীন বরন সহ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছি।