চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শীতের আগমন: পাহাড়ঘেরা সবুজ ক্যাম্পাসে অন্যরকম রূপ
আহমেদ মুনহা, চবি প্রতিনিধি :
শীতের আগমনের বার্তা দিচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পাহাড়ে ঘেরা সবুজ-শ্যামল এই ক্যাম্পাসে এখন হালকা কুয়াশার পরশ, সকালের বাতাসে ঠান্ডা হাওয়া—সব মিলিয়ে শীত আসার আনন্দঘন আবহ। ২৩০০ একরজুড়ে বিস্তৃত এই বিশাল ক্যাম্পাস যেন মানুষ, প্রকৃতি ও বন্যপ্রাণীর এক মিলনমেলা।
পাহাড়ের গায়ে ঝরে পড়া শিশিরবিন্দু, সূর্যের নরম আলো আর ঘাসে মোড়া পথ ধরে হাঁটছে শিক্ষার্থীরা—সব মিলিয়ে ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে আছে এক প্রশান্তির ছোঁয়া। কেউ ক্লাসে যাচ্ছেন বই হাতে, কেউবা বন্ধুবান্ধব মিলে আড্ডায় মেতে উঠেছেন চবি রেল স্টেশনের সামনে।
কেউ আবার একান্তে বসে লিখছেন কবিতা, কেউ স্বপ্ন দেখছেন বিসিএস ক্যাডার হওয়ার, কেউবা ভবিষ্যতের শিক্ষক।
অক্টোবর শেষ হয়ে নভেম্বরের প্রথম দিনগুলোতেই টের পাওয়া যাচ্ছে শীতের আগমন।
প্রকৃতির এই পরিবর্তন যেন নতুন অনুপ্রেরণা যোগাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়, পাখি আর শীতের হাওয়া মিলে শুরু হয়েছে এক অপার সৌন্দর্যের মেলবন্ধন।









