চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাতের আঁধারে টাঙানো হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানার

প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৫, ০৮:১৮ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাতের আঁধারে টাঙানো হয়েছে  নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানার

আহমেদ মুনহা,  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি ব্যানার টাঙানোর ঘটনা ঘটেছে। রোববার ভোররাতে বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন ও আবাসিক ছাত্র হল আলাওলের মূল ফটকে ব্যানার দুটি টাঙানো হয়। শিক্ষার্থীদের নজরে আসার পরপরই ব্যানারগুলো সরিয়ে ফেলা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, রেল স্টেশনে টাঙানো ব্যানারে ইংরেজিতে লেখা ছিল— “জনতার অরাজকতাকে ভিত্তি করে গঠিত অবৈধ আইসিটি আইনের অস্ত্রায়ন বন্ধ করো, শেখ হাসিনার প্রহসনমূলক বিচার বন্ধ করো।” ব্যানারটির নিচে সংগঠনের নাম হিসেবে “বাংলাদেশ ছাত্রলীগ” উল্লেখ ছিল। ব্যানারের এক পাশে বর্তমানে ভারতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংযুক্ত ছিল।

অন্য ব্যানারে লেখা ছিল— “সেন্টমার্টিন ও চট্টগ্রাম বিদেশীদের হাতে দিব না। জাগো বাঙালি জাগো, মাতৃভূমি রক্ষা করো। শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে।” এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, এবিএম মহিউদ্দীন চৌধুরী ও মহিবুল হাসান চৌধুরী নওফেলের ছবি ছিল।

এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুটি স্থানে রাতের আঁধারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানার টাঙানো হয়েছে। তারা ভুলে গেছে এটা শহিদ তরুয়া ও শহিদ ফরহাদের রক্তসিক্ত পবিত্র ক্যাম্পাস। ক্যাম্পাস নিয়ে ষড়যন্ত্রকারীদের কোনো ছাড় নয়।”

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, “সাবেক ছাত্রলীগ নেতাকর্মী যারা এখন প্রশাসনে কর্মরত, তাদের সহযোগিতায় এই ব্যানার টাঙানো হয়েছে। আমরা আগেই প্রশাসনের কাছে ক্যাম্পাসে সিসিটিভি স্থাপনের দাবি জানিয়েছিলাম, কিন্তু তা করা হয়নি।”

একইভাবে শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, “প্রশাসনের গাফিলতির কারণে ছাত্রলীগ এ সুযোগ পেয়েছে। আমরা এর বিচার দাবি করছি এবং সাংগঠনিকভাবে কর্মসূচি ঘোষণা করব।”