চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রধান আলোচক হিসেবে ড. মিজানুর রহমান আজহারী

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ১০:২১ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রধান আলোচক হিসেবে ড. মিজানুর রহমান আজহারী

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি :

‘রাসুল (সা.) কাজের মধ্য দিয়েই নেতা হয়েছিলেন’ — মাওলানা ড. মিজানুর রহমান আজহারী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হয়েছে মিনার কর্তৃক আয়োজিত সিরাত মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারী। তিনি তাঁর বক্তব্যে রাসুল (সা.)-এর নেতৃত্বগুণ, নৈতিক আদর্শ ও সমাজ পরিবর্তনের দৃষ্টান্ত নিয়ে আলোচনা করেন।

ড. আজহারী বলেন, “আমরা যদি রাসুল (সা.)-এর নেতৃত্বের গুণাবলিগুলো লক্ষ্য করি, তাহলে দেখবো—তিনি এমন নেতৃত্বের মাধ্যমে পুরো একটি জাতি ও ভূখণ্ডের জীবনধারা পাল্টে দিয়েছিলেন। রাসুল (সা.) কাজের মধ্য দিয়েই নেতা হয়েছিলেন। যখন আপনি মানুষের কাজে আসবেন, মানুষের উপকারে লাগবেন, তখনই আপনি নেতা। কিন্তু সমাজে যদি আপনি প্রাসঙ্গিক না হন, কাউকে সহযোগিতা বা পথনির্দেশ দিতে না পারেন—তাহলে নেতা হওয়া সম্ভব নয়।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার চেয়ারম্যান মোহাম্মদ আলী, চাকসুর নবনির্বাচিত ভিপি ইব্রাহীম হোসেন রনি, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এনামুল হক, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শহীদুল্লাহ হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

চবি শাখা ছাত্রশিবিরের সহযোগী সংগঠন ‘মিনার’ এর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আরবি বিভাগের অধ্যাপক ড. আ. ক. ম. আবদুল কাদের, এবং সঞ্চালনা করেন সংগঠনের অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম।

অনুষ্ঠান শুরুতে সিরাত ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।