চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড: দুটি কারখানার গুদামে আগুন, ৭০০ শ্রমিক নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১১:০৭ পিএম
চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড: দুটি কারখানার গুদামে আগুন, ৭০০ শ্রমিক নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

চট্রগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড)-এর অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিকেল কোম্পানির গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা দুইটার দিকে এ আগুন লাগে।

দুটি ভবন যথাক্রমে আটতলা ও সাততলা। আগুন লাগার পর দ্রুত ৭০০ শ্রমিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি নৌ ও বিমান বাহিনীর চারটি ইউনিট এবং পরবর্তীতে দুই প্লাটুন বিজিবিও উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশ নেয়। তবে রাত সাতটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন কর্মকর্তারা। আগুন থেকে ছড়িয়ে পড়া ঘন কালো ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, “ভবনের ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। তবে আগুন যাতে অন্যত্র ছড়িয়ে না পড়ে, সে দিকেও আমরা বিশেষ নজর দিচ্ছি।”

তিনি আরও জানান, ভবনের ৬ ও ৭ তলায় আটকে পড়া ২৫ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, হঠাৎ করে আগুন লাগার পর কারখানার ভেতর থেকে চিৎকার শুরু হয়। সবাই আতঙ্কিত হয়ে নিচে নেমে আসে। তাদের মধ্যে কেউ কেউ আগুন নেভানোর চেষ্টাও করেন, কিন্তু মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

কারখানাগুলোতে মূলত হাসপাতালের যন্ত্রপাতি, তোয়ালে ও সার্জিকেল গাউন তৈরি করা হতো বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে বিস্তারিত জানা যাবে।