চকরিয়ায় যাত্রীবাহী বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৫
ডেস্ক রিপোর্ট:
কক্সবাজারের বৃহত্তর উপজেলা চকরিয়ায় বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এই ঘটনা ঘটে।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দীঘি ঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র বলছে, হতাহতরা সবাই একই পরিবারের সদস্য। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। নিহতদের মধ্যে চারজন নারী ও একটি শিশু রয়েছে।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হতাহতদের বাড়ি কুমিল্লা বলে জানা গেছে। সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া হাসপাতালে পাঠালে গুরুতর আহত দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে চট্টগ্রাম রেফার্ড করেছেন চিকিৎসকরা।









