গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের ৪৯ নেতার সম্মিলিত পদত্যাগ

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ০৩:৪৫ পিএম
গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের ৪৯ নেতার সম্মিলিত পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির সভাপতি মো. আল আমিন সরদারসহ ৪৯ জন নেতা পদত্যাগ করেছেন। বিভাগের উপকমিটির স্বেচ্ছাচারিতা, পক্ষপাতমূলক সিদ্ধান্ত ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে তারা সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নেন।

সোমবার (২৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সদ্য পদত্যাগকারী জেলা সভাপতি মো. আল আমিন সরদার। এর আগে রোববার (২৬ অক্টোবর) তারা কেন্দ্রীয় কমিটির কাছে ইমেইলের মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬৩ সদস্যের নবগঠিত জেলা কমিটির নেতৃত্ব বাছাইয়ে দলের মূলনীতি, যোগ্যতা, মাঠপর্যায়ের ত্যাগ ও সাংগঠনিক অভিজ্ঞতা উপেক্ষা করা হয়েছে। অনেক পরিশ্রমী ও নিবেদিত নেতাকর্মীদের বাদ দিয়ে ব্যক্তিকেন্দ্রিক, পূর্বপন্থী ও পক্ষপাতমূলকভাবে কমিটি গঠন করা হয়েছে। যা গণঅধিকার পরিষদের আদর্শ ও গণতান্ত্রিক চেতনার পরিপন্থি।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ আছে, এমন একটি কমিটিতে থেকে দায়িত্ব পালন সম্ভব নয় যেখানে আস্থা ও ন্যায়বিচার অনুপস্থিত। তবে তারা গণঅধিকার পরিষদের মূল নীতি ও গণমানুষের রাজনীতির প্রতি অনুগত থাকার ঘোষণা দেন।

সদ্য পদত্যাগকারী সভাপতি মো. আল আমিন সরদার বলেন, “সদ্য ঘোষিত কমিটিতে সাবেক যুবলীগ ও এনসিপি নেতাদের পদ দেওয়া হয়েছে। এতে ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করা হয়েছে। বিভাগীয় উপকমিটির স্বেচ্ছাচারিতার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।”

জানা যায়, গত ২৪ অক্টোবর কেন্দ্রীয় কমিটি ৬৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়। এরপর থেকেই জেলার তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে যা শেষ পর্যন্ত গণপদত্যাগে রূপ নেয়।