গুপ্ত মহলের কাঁচা নাটক ব্যর্থ হয়েছে: জাতীয় যুবশক্তির আহ্বায়ক
স্টাফ রিপোর্টার:
তুরাগ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক ও জুলাই যোদ্ধা কে এম মামুনুর রশীদ অপহরণের ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় যুবশক্তি।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) রাতে রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম এ দাবি জানান।
তিনি বলেন, “গুপ্ত মহলের কাঁচা নাটক ব্যর্থ হয়েছে। দায় চাপানোর অপরাজনীতি থেকে সরে আসতে হবে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় যুবশক্তির গ্রহণযোগ্যতা নষ্ট করার জন্য একটি মহল সুপরিকল্পিত অপচেষ্টা চালাচ্ছে।”
গত সোমবার সকালে নিখোঁজ হন কে এম মামুনুর রশীদ। এরপর এনসিপি ও যুবশক্তির স্থানীয় নেতাকর্মীরা তাঁর সন্ধানে তৎপর হন এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। তিন দিন কোনো খোঁজ না পাওয়ার পর শুক্রবার দুপুরে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়ক এলাকার একটি জামে মসজিদ থেকে তাঁকে উদ্ধার করে তুরাগ থানা–পুলিশ।
এ ঘটনায় একটি অসাধু মহল সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপি ও জাতীয় যুবশক্তিকে জড়ানোর অপপ্রচার চালায়।
সংবাদ সম্মেলনে তারিকুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, “ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করলে কঠোর জবাব দেওয়া হবে। অপতৎপরকারীদের মুখোশ উন্মোচন করতে গণমাধ্যম এগিয়ে আসবে বলে আমরা আশা করি।”
তিনি আরও জানান, যারা অপপ্রচার চালিয়েছে ও সংগঠনের মানহানি করেছে তাদের বিরুদ্ধে শনিবার মামলা দায়ের করা হবে।









