গণঅধিকার পরিষদের সভাপতির রুটিন দায়িত্বে ফারুক হাসান
ডেস্ক রিপোর্ট:
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বর্তমানে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন। তাঁর অনুপস্থিতিতে দলের রুটিন দায়িত্ব পালন করবেন সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান। শুক্রবার রাতে দলের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের আলোচনা সভার সিদ্ধান্ত অনুযায়ী এবং দলীয় গঠনতন্ত্রের ৩৬ (১) ধারা অনুসারে সভাপতির বিদেশে চিকিৎসারত অবস্থায় সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান সভাপতির রুটিন কার্যক্রম দেখভাল করবেন।
প্রসঙ্গত, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে টানা ১৮ দিন চিকিৎসা শেষে গত সপ্তাহে তিনি বাসায় ফেরেন।
তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তাঁর বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন। এ নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নুরের স্ত্রী মারিয়া আক্তার, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।
পরে উন্নত চিকিৎসার জন্য ২২ সেপ্টেম্বর সিঙ্গাপুর যান নুরুল হক নুর। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।









